
অসুস্থ অনশনরত চিকিৎসক অলোক ভার্মা
শেষ আপডেট: 12 October 2024 16:00
দ্য ওয়াল ব্যুরো: অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অনশনরত চিকিৎসক অলোক ভার্মা। তাঁকে ওই কলেজের সিসিইউতে ভর্তি করা হয়েছে বলে খবর। কলকাতার পাশাপশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুই চিকিৎসক অনশন শুরু করেছেন।
শনিবার আচমকাই সাইক্রিয়াট্রি পিজিটি অলোক কুমার ভার্মার শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে অনশন মঞ্চ থেকে তাঁকে হুইল চেয়ারে বসিয়ে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি করা হয়েছে অলোককে।
সূত্রের খবর, কলকাতায় ১০ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের অনশনকে সমর্থন জানিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে প্রতীকী অনশন শুরু হয়েছে। গত ৭ অক্টোবর থেকে চিকিৎসক সৌভিক বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অলোক কুমার ভার্মা আমরণ অনশনে যোগদান করেন। টানা প্রায় ১৪৭ ঘণ্টা অনশনের পর শনিবার সকালে অলোকের শারীরিক অবস্থার অনেকটাই অবনতি ঘটে। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত শনিবার থেকে ১০ দফা দাবি পূরণে কলকাতার ধর্মতলায় ‘আমরণ অনশন’ শুরু করেন ৬ জন চিকিৎসক। পরের দিন চিকিৎসক অনিকেত মাহাতো অনশন কর্মসূচিতে যোগদান করেন। যদিও, গত বৃহস্পতিবার অসুস্থ হওয়ার কারণে অনিকেত মাহাতোকে আরজি করের সিসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
কলকাতায় অনশনরত চিকিৎসকদের সমর্থন জানিয়ে উত্তরবঙ্গের দুই চিকিৎসকও অনশন শুরু করেছিলেন। এবার অসুস্থ হয়ে পড়লেন অনশনরত চিকিৎসক অলোক ভার্মা।
কলকাতা পুলিশের তদন্তেই সিলমোহর দিলে কেন সিবিআই জবাব দাও। নির্যাতিতাদের সুবিচার ও রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, সিন্ডিকেট রাজের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে পথে নেমেছে নাগরিক সমাজ। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল যাবে সিজিও কমপ্লেক্স পর্যন্ত। শেষ পাওয়া খবর, শনিবার দুপুরে সিজিও কমপ্লেক্সের দিকে মিছিল এগোতে থাকলে পুলিশ আটকে দেয় বলে খবর। রাস্তায় বসেই বিক্ষোভ দেখাচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের পরিষ্কার অভিযোগ চার্জশিটে প্রচুর অসঙ্গতি রয়েছে। শুধুমাত্র সঞ্জয় কেন? কেন ওকে বলির পাঁঠা করা হচ্ছে? আমরা সিবিআই-এর কাছে জবাব চাই।