প্রায় চার বছরের অপেক্ষার পর অবশেষে রাজ্যে ফের চালু হতে চলেছে কেন্দ্রীয় প্রকল্প—‘একশো দিনের কাজ’।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 28 October 2025 12:15
দ্য ওয়াল ব্যুরো: একশো দিনের কাজের (100 days of work) মামলায় কেন্দ্রকে বকেয়া সমস্ত টাকা মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। অর্থাৎ প্রায় চার বছরের অপেক্ষার পর অবশেষে রাজ্যে ফের চালু হতে চলেছে কেন্দ্রীয় প্রকল্প—‘একশো দিনের কাজ’। কিন্তু এখানেই শেষ নয়। এই মামলার আরও কিছু অমীমাংসিত অভিযোগের দ্রুত নিষ্পত্তি চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য।
আদালত সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে ১০০ দিনের কাজ সংক্রান্ত একাধিক মামলা। সেই মামলাগুলির দ্রুত শুনানির আবেদন জানিয়েছে রাজ্য, বিষয়টি তুলে ধরা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের সামনে। আগামী ৭ নভেম্বর মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের দাবি, সুপ্রিম কোর্টের রায়ের পর আর কোনও প্রশাসনিক জটিলতা থাকার কথা নয়। আদালতের নির্দেশে স্পষ্ট হয়েছে, কেন্দ্রকে অবিলম্বে অর্থ পাঠাতে হবে। এর ফলে, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নতুন করে প্রকল্পটি গতি পেতে চলেছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে এই রায় ঘিরে ফের তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছেন, “বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের বড় পরাজয়।” পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন—যদি দ্রুত টাকা না আসে, তবে ফের দিল্লিতে অবস্থান আন্দোলনে নামবে তৃণমূল।
অন্যদিকে, বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, “আদালত পরিষ্কার জানিয়েছে, কেন্দ্রীয় টিম যে দুর্নীতির রিপোর্ট দিয়েছে, তা সত্যতা পেয়েছে। অর্থাৎ আদালতও মেনে নিয়েছে অনিয়ম হয়েছে।”
তৃণমূল শিবির অবশ্য দাবি করছে, এই রায় রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিকভাবে ‘ঐতিহাসিক জয়’। ভোটের আগে এই জয়কে ঘিরে রাজ্য রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তা নিয়ে এখন সরগরম বঙ্গ রাজনীতি। এখন দেখার ৭ নভেম্বর রাজ্যের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট কী নির্দেশ দেয়।