এলাকায় টহল দিচ্ছে চিতা বাঘ, উঁকি মারছে জানলা দিয়ে, আতঙ্ক হরিয়ানার রামনগরে
দ্য ওয়াল ব্যুরো: বেলা আন্দাজ সাড়ে ১১টা। ফিটফাট হয়ে অফিসের জন্য বাড়ির বাইরে বার হতে গিয়েই থমকে গেলেন সুমিত কুমার। গেটের বাইরে তখন লেজ দোলাচ্ছে আস্ত একটা চিতা বাঘ। এদিক ওদিক তাকিয়ে সে ফের হাঁটা দিয়েছে সামনের দিকে। গোটা এলাকার এক বার এ প্রান
শেষ আপডেট: 6 March 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: বেলা আন্দাজ সাড়ে ১১টা। ফিটফাট হয়ে অফিসের জন্য বাড়ির বাইরে বার হতে গিয়েই থমকে গেলেন সুমিত কুমার। গেটের বাইরে তখন লেজ দোলাচ্ছে আস্ত একটা চিতা বাঘ। এদিক ওদিক তাকিয়ে সে ফের হাঁটা দিয়েছে সামনের দিকে। গোটা এলাকার এক বার এ প্রান্তে, একবার ও প্রান্তে দুলকিচালে হেঁটে বেড়াচ্ছে। মাঝে মাঝে উঁকি দিচ্ছে কোনও খোলা জানলার ভিতরে। বৃহস্পতিবার হরিয়ানার পালওয়ালের রামনগর এলাকায় এমন চিতা বাঘের দর্শনে থমকে গেল জনজীবন।
স্থানীয়রা জানিয়েছেন, এই এলাকায় প্রায় হাজার পাঁচেক মানুষের বাস। পাশাপাশি গা ঘেঁষা বাড়ি। সেখানে কী ভাবে চিতা বাঘ এল সেটা ভাবতেই পারছেন না লোকজন। পাড়ার ভিতর দিয়ে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছিল সে। সামনে লোকজন চলে এলে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারতো বিপদ। সুমিতের কথায়, চিতা বাঘ দেখে আতঙ্কে লোকজন চেঁচামেচি জুড়ে দিয়েছিল। অনেকেই ভয়ে উঠে গিয়েছিলেন ছাদে।
খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন বন দফতরের কর্মীরা। এত মানুষের চিৎকার শুনে ঘাবড়ে গিয়ে চিতা তখন একটি বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। পিছু নেন বনকর্মীরা। বাড়ির বাইরের দিকে একটি বাথরুমে বন্দি করে ফেলা হয় বাঘটিকে। চিতা দেখতে তখন বাথরুমের বাইরে মেলা লোকের ভিড়। অনেকেই মোবাইল ক্যামেরায় ছবি তোলেন। ভিডিও করেন কেউ কেউ। সেই ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হরিয়ানা বন দফতরের আধিকারিক বিনোদ কুমারের কথায়, "বেলা সোয়া ১টা নাগাদ আমরা চিতাটিকে বাথরুমে বন্দি করে ফেলি। জানলা দিয়ে ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় তাকে। চিতাটি সুস্থই রয়েছে। " শারীরিক পরীক্ষার পর বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিনোদ।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-west-bengal-one-injured-in-leopard-attack-near-tea-estate-in-buxa-tiger-reserve/