
শেষ আপডেট: 10 March 2024 18:03
দ্য ওয়ার ব্যুরো, মুর্শিদাবাদ: অধীরগড় হিসাবে পরিচিতি বহরমপুর থেকে রাজনীতির ময়দানে নামলেন ইউসুফ পাঠান। তিনি বহরমপুর লোকসভা থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন। রবিবার জনগর্জন সভা থেকে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রতিক্রিয়া দিলেন অধীর চৌধুরী।
বহরমপুরে সংবাদিকদের মুখোমুখি হতেই অধীর চৌধুরী বলেন, "আমার বিরুদ্ধে যে কেউ দাঁড়াতে পারেন। কিন্তু এইভাবে ইউসুফ পাঠানের মতো খেলোয়াড়কে মাটিতে নামিয়ে কি মুখ্যমন্ত্রী যোগ্য সম্মান দিলেন?"
অধীরবাবু কথায়, "কয়েকদিন আগেই বাংলা থেকে রাজ্যসভায় প্রার্থী মনোনয়ন ছিল। সেই সময় কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানকে প্রার্থী হিসাবে রাজ্যসভা পাঠালেন না? কারণ রাজ্যসভায় তাঁদেরকেই পাঠানো হয় যাঁরা বড় খেলোয়াড়, যাঁরা গুণী ও সংস্কৃতি মনোভাবাপন্ন ব্যক্তি। এটাই রাজ্যসভার ঘরানা। একজন খেলোয়াড় হিসাবে ইউসুফ পাঠানকে রাজ্যসভায় পাঠালে সত্যিকারের সম্মান দেওয়া হত। বদলে মাটিতে নামিয়ে ইউসুফ পাঠানকে সত্যিকারে সম্মান দেননি তিনি।"
এরপরেই প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "কর্মীদের সঙ্গে বৈঠকের সময়ে অনেকবারই আলোচনা করেছি, যে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল পার্টি কোনও না কোনওভাবে সংখ্যালঘু প্রার্থীকে খাড়া করবে। কারণ তাঁদের একটা রাজনৈতিক ব্যাখ্যা আছে। পলিটিক্যাল একটা ইকুয়েশন এইরকম, বহরমপুর লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটকে বিভাজিত করতে হবে। আর হিন্দুসমাজকে বলতে হবে তোমরা সব বিজেপিকে সমর্থন কর। লক্ষ্য একটাই অধীর চৌধুরীকে হারাও। আমার আজ এটাই ভালো লাগছে যে আমার দলের কাছে আমি বহুদিন আগে যে ফোরকাস্ট করেছিলাম সেটা সত্য প্রমাণিত হল।"