
শেষ আপডেট: 21 February 2022 10:55
অনুরাধা পেশায় আই টি প্রফেশনাল। তাঁর প্যাশন ফোটোগ্রাফি। তাঁর ক্যামেরার লেন্স সব সময় খোঁজে মানুষের অন্তরের ভাষাকে, তার অভিব্যক্তিকে তুলে ধরতে। ফলে প্রতিটা ছবি এক একটা চরিত্র পায়, জীবন্ত হয়ে ওঠে। অনুরাধার শিল্পী মনের ছোঁয়ায় ফোটোগ্রাফি যেন পেন্টিং হয়ে ওঠে।
অনুরাধার এই প্রদর্শনীর উদ্বোধন করতে এসেছিলেন তাঁর প্রিয় বান্ধবী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা বললেন, "ছোটবেলা থেকেই আঁকার হাত খুব ভালো ছিল অনুরাধার। কেরিয়ার হিসেবে অন্য পেশায় গেলেও ওর শিল্পীসত্তা ডানা মেলেছে ছবির আকাশে। 'কলকাতা' সিরিজের প্রতিটা ছবির নেপথ্যে একটা করে গল্প আছে। সবার ভালো লাগবে এই ছবি।"
এর আগেও অনুরাধার ফোটোগ্রাফির প্রদর্শনী হয়েছে আকাদেমি অফ ফাইন আর্টসে, বিড়লা আকাদেমি অফ আর্ট অ্যান্ড কালচারে, গ্যালারি গোল্ডে, গগনেন্দ্র প্রদর্শশালায়। বিদেশেও তাঁর ফোটোগ্রাফির প্রদর্শনী হয়েছে বহুবার। প্রশংসিতও হয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এবং দ্য ওয়ার্ল্ড ফোটোগ্রাফিক ফোরামে তাঁর ছবি জায়গা করে নিয়েছে বহুবার।
লেক রোডের দ্য রয়াল বেঙ্গল টাইগার ক্যাফেতে অনুরাধার 'কলকাতা লাইফস্কেপ' প্রদর্শনীটি চলবে ২২ ফেব্রুয়ারি অবধি, রোজ সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত।