রাজ্য সরকার ও এসএসসি-র (SSC West Bengal) বিরুদ্ধে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তিনি।

সুমন বিশ্বাস ও হুমায়ুন কবীর
শেষ আপডেট: 30 December 2025 12:12
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি কলকাতার (Kolkata News) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে যে গীতাপাঠের অনুষ্ঠান হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল তাঁকে। বকলমে সেই অনুষ্ঠান ছিল বিজেপির (BJP), এমনটাই চর্চা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সংগ্রামী যৌথমঞ্চের অন্যতম মুখ সুমন বিশ্বাস (Suman Biswas)। যদিও ওই মঞ্চ সুমনকে এখন আর নিজেদের সঙ্গে রাখছে না। এদিকে, সোমবার সেই সুমনকেই দেখা গেল হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে।
প্রথম থেকেই যোগ্যদের দ্বিতীয় বার এসএসসি-র পরীক্ষায় বসে নিজেদের প্রমাণ করার ঘোর বিরোধী ছিলেন সুমন বিশ্বাস। একই সঙ্গে পরীক্ষায় বসতে হলেও দাগিদের সঙ্গে কোনও ভাবেই নয় বলে দাবি করে আসছিলেন হুগলির কানাগর আশ্রম মাঠের চাকরিহারা 'যোগ্য' শিক্ষক।
রাজ্য সরকার ও এসএসসি-র (SSC West Bengal) বিরুদ্ধে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তিনি। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মতো দ্বিতীয় বার নিজেকে প্রমাণ করতে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেন সুমন। পরীক্ষা শেষে জানান, এসএসসি-র বিরুদ্ধে আন্দোলন চলবে। তবে এখন তাঁর সঙ্গে সংগ্রামী যৌথমঞ্চ সম্পর্ক ছিন্ন করেছে।
সেই সুমনই সোমবার সোশ্যাল মিডিয়ায় হুমায়ুন কবীরের সঙ্গে ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, "দুর্নীতির বিরুদ্ধে মহাযুদ্ধ নেমেছে। দুর্নীতির পাঁচালির পরিবর্তন জনসচেতনতা যাত্রায় সবাই শামিল হন। ক'টা দিন অপেক্ষা করতে হবে। এসএসসি ২০১৬ প্যানেলের যারা নিষ্কলঙ্ক যোগ্য শিক্ষাকর্মী এবং শিক্ষক-শিক্ষিকা তাদের একজনকেও বঞ্চিত করা চলবে না। তাদের বঞ্চিত করে রেখেছে চোর রাজ্য সরকার।"
মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ তৈরি করার কথা ঘোষণা করার পরেই ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে সাসপেন্ড করে তৃণমূল। তার পর গত ২২ ডিসেম্বর তিনি নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’-র ঘোষণা করেন। ২০২৬ সালে তাঁর দল ১৮২টি আসনে লড়বে, এ-ও ঘোষণা করেছেন তিনি। অনেকেই বলাবলি করছে, আন্দোলনকারী সুমনের সঙ্গে হুমায়ুনের ছবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গুটি কয়েক আসনে ইতিমধ্যেই হুমায়ুন প্রার্থী দিয়েছেন। এখনও অনেক আসন বাকি। কাজেই, সুমনকে সামনে রেখে তিনি কোনও কেন্দ্রে প্রার্থী করেন কিনা, এখন সেটাই দেখার।