
শেষ আপডেট: 19 November 2023 22:55
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: পরকীয়ায় মজেছে স্ত্রী, এমন সন্দেহে বধূকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকায়। আপাতত গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগৎবল্লভপুর থানার মুন্সিরহাট এলাকায় বাড়ি ওই মহিলার। অভিযুক্ত স্বামী কারখানার শ্রমিক। স্থানীয়দের অভিযোগ, স্ত্রীকে সন্দেহ করত ওই যুবক। সে ভাবত, এলাকার একাধিক পুরুষের সঙ্গে তার স্ত্রীয়ের পরকীয়া সম্পর্ক রয়েছে। এতে দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হত।
রবিবার এই সমস্যাকে কেন্দ্র করেই ঝগড়া শুরু হয়েছিল দম্পতির মধ্যে। ক্রমে অশান্তি চরমে ওঠে। সেই সময় আচমকা স্ত্রীর উপর হামলা চালায় ওই যুবক। স্ত্রীকে লক্ষ্য করে ঘরে রাখা অ্যাসিড ছুড়ে মারে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। ঝলসে যায় তাঁর মুখ ও শরীরে অংশ। প্রতিবেশীরা উদ্ধার করে মহিলাকে জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে যান। তাঁর মাথা ও শরীর ঝলসে গিয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।
বধূর শাশুড়ির দাবি, তাঁর বউমা নাকি এক যুবকের সঙ্গে লুকিয়ে দেখা করতেন। এই ঘটনা জানতে পেরে গিয়েছিল ছেলে। সেই থেকেই বউমার সঙ্গে ছেলের অশান্তি লেগেই থাকত।