
শেষ আপডেট: 19 October 2023 13:30
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: চতুর্থীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনার মুখে পড়ল এক পরিবার। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল গাড়ি। ভিতর থাকা যাত্রীরা কোনও রকমে প্রাণে বেঁচে যান। ঘটনাটি ঘটেছে বাঁকড়া হাওড়া-আমতা রোডে।
জানা গিয়েছে, বাঁকড়ার বাসিন্দা কার্তিক কুমার গুপ্ত তাঁর স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বুধবার রাতে গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। ভোরে তাঁরা বাড়ি ফিরছিলেন। কার্তিকবাবু নিজেই গাড়ি চালাচ্ছিলেন। বাঁকড়ার হাওড়া আমতা রোডের জাপানি গেটের কিছুটা দূরেই তাঁর বাড়ি। ওই রাস্তা ধরে আসার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাঁদের গাড়িতে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ রীতিমতো দুমড়ে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন চারজনেই।
বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। পুলিশ গিয়ে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। লরি ও গাড়িটিকে আটক করা হয়েছে। এই ঘটনায় হাওড়া আমতা রোডে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।