
শেষ আপডেট: 4 October 2023 20:19
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দিল্লিতে কৃষি ভবনে অশান্তির ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবি জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এই দাবি জানান অভিষেক।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, "কৃষি ভবনের সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক। তাহলেই তো স্পষ্ট হয়ে যাবে বিজেপি নাকি তৃণমূল, কারা সত্যি কথা বলছে।"
কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এবং রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে গত সোমবার থেকে দিল্লিতে ধর্না অবস্থানে বসেছিল তৃণমূল। মঙ্গলবার যন্তরমন্তরে সমাবেশ শেষে কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেকের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল। অভিযোগ, দেড় ঘণ্টা বসিয়ে রেখেও দেখা করেননি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। উল্টে চুলের মুঠি ধরে মহিলা সাংসদদের সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।
পরিস্থিতির জন্য তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। বুধবার সন্ধেয় এই বিষয়েই কলকাতায় ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে পাল্টা দাবি জানিয়েছেন অভিষেক। তাঁর কথায়, সিসিটিভি ফুটেজ সামনে আনলেই সব স্পষ্ট হয়ে যাবে।
মঙ্গলবারের ঘটনার তীব্র নিন্দা করে অভিষেক বলেন, "নক্কারজনক ঘটনা। যেভাবে মহিলা সাংসদের নির্যাতন করা হয়েছে, চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেছে, ন্যূনতম সৌজন্যতা পর্যন্ত দেখায়নি তা দেশের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।"
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দিল্লি থেকেই কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক। এদিন তিনি বলেন, "কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল। তাঁর চোখ কান দিয়ে কেন্দ্র রাজ্যের পরিস্থিতি দেখেন। রাজ্যপাল এতদিন রাজ্যের বিষয়ে অনেক কথা বলেছেন। আমরা মনে করি, কেন্দ্রের প্রতিনিধি হিসেবে উনি নিশ্চয় আমাদের সময় দেবেন।"