
শেষ আপডেট: 2 March 2024 15:53
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ মার্চ ব্রিগেডে 'জনগর্জন' সভা তৃণমূলের। সেই সভায় মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আর ব্রিগেডেরই পরই বাংলায় প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোরকদমে লোকসভা নির্বাচনের প্রচারে নামছে রাজ্যের শাসকদল।
ব্রিগেডের 'জনগর্জন' সভার পরই জেলায় জেলায় পাঁচটি জনসভা করবেন অভিষেক। ইতিমধ্যে তৃণমূলের তরফে সেই সভার সূচি প্রকাশ করা হয়েছে। ব্রিগেডের পর টানা জনসভার কর্মসূচি রয়েছে অভিষেকের। ১৪ মার্চ থেকে শুরু হবে সেই কর্মসূচি। লোকসভা কেন্দ্র ধরে ধরে ধরে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তৃণমূল সূত্রের খবর, ১৪ মার্চ জেলা সফর শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি জলপাইগুড়িতে সভা করবেন। এরপর ১৬ মার্চ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে অভিষেকের সভা রয়েছে।
শুধু দক্ষিণবঙ্গে নয়, তৃণমূলের সেনাপতি সভা করবেন উত্তরবঙ্গেও। আগামী ১৮ মার্চ তিনি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জনসভা করবেন। সেখান থেকে ফের তাঁর দক্ষিণবঙ্গে ভোটপ্রচার রয়েছে। ২০ তারিখ এবং ২২ তারিখ বসিরহাট এবং পূর্ব বর্ধমানে জনসভা করবে ডায়মন্ডহারবারের সাংসদ। উল্লেখ্য, সম্প্রতি সন্দেশখালি ইস্যুতে বারে বারে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে তৃণমূল। সেই পরিস্থিতিতে বসিরহাটে অভিষেকের জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
বেশ কিছু দিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। রাজ্যের বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগে দিল্লি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের থেকে প্রাপ্য বকেয়া আদায়ের জন্য দিল্লিতে বৈঠক করেছেন, এমনকী ধর্নাতেও বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সমস্ত দাবিকে সামনে রেখেই ব্রিগেডে সমাবেশ করতে চলেছে তৃণমূল। সেই সভা থেকে নির্বাচনের আগে দলকে বার্তা দিতে চলেছেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই দলের সেনাপতি নামছেন ভোটের প্রচারে।
শুধু তৃণমূল নয়, লোকসভা ভোট নিয়ে বিভিন্ন দলই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। শাসক থেকে বিরোধী কোনও পক্ষই, বিপক্ষকে সামান্যতম জমি ছাড়তে প্রস্তুত নয়। একদিকে যেমন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার বঞ্চনার অভিযোগ তুলে চলেছে তৃণমূল কংগ্রেস, তেমনই পালটা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির - সহ বিভিন্ন ইস্যুতে সরব বিজেপি ও অন্যান্য বিরোধীরা।