অভিষেক অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মনরেগার বরাদ্দ এখনও ছাড়েনি কেন্দ্র। তাঁর কথায়, বিজেপি শাসিত সরকার বাংলার মানুষের সঙ্গে বৈষম্য করছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 24 November 2025 17:48
দ্য ওয়াল ব্যুরো: বকেয়া কেন্দ্রীয় প্রকল্পের টাকা আদায়ের দাবিতে আবারও জোরদার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সোমবার ভার্চুয়াল বৈঠকে ঘোষণা করেন, খুব শীঘ্রই দিল্লিতে অনুষ্ঠিত হবে রাজ্যের দাবি আদায়ের উদ্দেশ্যে বৃহত্তর বিক্ষোভ। পার্লামেন্টের চলতি অধিবেশনের সময়েই এই কর্মসূচি নেওয়া হবে বলে জানান তিনি।
অভিষেকের বক্তব্য অনুযায়ী, কেন্দ্রের কাছ থেকে বাংলার বকেয়া পাওনা আদায় করে নিয়ে আসায় এই বিক্ষোভের মূল উদ্দেশ্য। তিনি জানান, “আসন্ন দিনে আমরা দিল্লিতে এক বিশাল আন্দোলনের নেতৃত্ব দেব। সংসদের সেশন চলাকালীন তৃণমূলের পক্ষ থেকে দুটি প্রতিনিধিদল কেন্দ্রীয় দফতরে যাবে—একটি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকে, অন্যটি জল জীবন মিশন মন্ত্রকে। দেখে নিতে চাই, কীভাবে বিজেপি বা দিল্লি পুলিশ সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই থামাতে পারে।”
অভিষেক অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মনরেগার বরাদ্দ এখনও ছাড়েনি কেন্দ্র। তাঁর কথায়, “বিজেপি শাসিত সরকার বাংলার মানুষের সঙ্গে বৈষম্য করছে। বিশেষ করে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখে তাঁরা গরিব শ্রমিকদের জীবনে চরম অসুবিধা তৈরি করেছে।” যদিও কেন্দ্র বারবার দাবি করেছে যে তহবিল আটকে থাকার মূল কারণ প্রকল্পে অনিয়ম, তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে আসছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই মনরেগা, গ্রামীণ উন্নয়ন প্রকল্প এবং জল জীবন মিশনের মতো বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে তহবিল আটকে রাখার অভিযোগ তুলছে রাজ্যের শাসকদল। এ নিয়ে অতীতে দিল্লিতে অবস্থান বিক্ষোভও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জেলার শ্রমিকদের নিয়ে তিনি কেন্দ্রের শ্রম দফতরের সামনে অবস্থানে বসেছিলেন। এবার ফের দিল্লিতে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে কেন্দ্রকে চাপের মুখে ফেলতে চাইছে তৃণমূল।
দলের ভেতর থেকে খবর, এই আন্দোলনের জন্য ইতিমধ্যেই সংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। জেলার নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে আন্দোলনের রূপরেখা স্পষ্ট করা হচ্ছে।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিধানসভা ভোটের প্রাক্কালে তৃণমূল আবারও বকেয়া টাকার ইস্যুকে সামনে নিয়ে রাজনৈতিকভাবে চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে। যদিও তৃণমূলের দাবি, এটি কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, বরং রাজ্যের অধিকার ও শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার লড়াই।
সব মিলিয়ে, রাজ্যে বিধানসভা ভোটে আগে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দিল্লিতে তৃণমূলের এই বৃহত্তর আন্দোলন রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করতে পারে।