
শেষ আপডেট: 22 November 2022 12:23
দ্য ওয়াল ব্যুরো: "ঝগড়ার মাঝেই মাথায় যেন রক্ত চড়ে গিয়েছিল, প্রচণ্ড রাগের মাথাতেই প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে (Shraddha Walkar) খুন করে ফেলেছি।" মঙ্গলবার বেলায় আদালতে আফতাবের (Aaftab Poonawala) এমন স্বীকারোক্তির কথা প্রকাশ্যে এলেও তা সম্পূর্ণ অস্বীকার করলেন তার উকিল (Lawyer)। বান্ধবী শ্রদ্ধা ওয়াকারকে খুন করার কথা স্বীকারই করেননি আফতাব। মঙ্গলবার বিকেলে এক জাতীয় সংবাদমাধ্যমে এমনটাই জানালেন আফতাবের উকিল।
গত মে মাসে লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দিল্লি পুলিশের দাবি, শ্রদ্ধাকে খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহটিকে ৩৫ টুকরো করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিল আফতাব। এরপর দিল্লির বিভিন্ন প্রান্তের জঙ্গলে ছড়িয়ে দিয়েছিল।
উল্লেখ্য, মঙ্গলবার দিল্লির আদালত আফতাব পুনাওয়ালার পুলিশ হেফাজত আরও চার দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে। অন্যদিকে দিল্লি পুলিশকে হত্যার রহস্য উদঘাটনের জন্য পলিগ্রাফ পরীক্ষা করার অনুমতি দিয়েছেন বিচারক।
দিল্লি পুলিশ জানিয়েছে, আজই আফতাবের পলিগ্রাফ টেস্ট করা হবে। সত্যি বলানোর চেষ্টা করা হবে তাকে দিয়ে। কারণ আফতাব খুনের কথা স্বীকার করলেও তার বয়ানে এখনও অনেক অসঙ্গতি আছে। অনেক তথ্যই সামনে আসেনি। তদন্তের ফাঁক পূরণের জন্যই পলিগ্রাফ টেস্টের ব্যবস্থা করা হচ্ছে।
'মাথা গরম হয়ে গিয়েছিল, প্রচণ্ড রাগের মাথায় শ্রদ্ধাকে খুন করে ফেলেছি', আদালতে বলল আফতাব