
ফাইল ছবি
শেষ আপডেট: 7 August 2024 11:08
দ্য ওয়াল ব্যুরো: ‘আধার কার্ড নাগরিকত্বের কোনও প্রামান্য নথি নয়। এক ধরনের পরিচয় পত্র হলেও আবাসিক বা নাগরিকত্বের নথি নয় আধার কার্ড।’ আধার বাতিল নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
লোকসভা ভোটের আগে রাজ্যে হঠাৎ করে বহু মানুষের আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার ঘটনা সামনে আসে। দুশ্চিন্তায় পড়ে যান অনেকেই। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। আধার আইনের ২৮এ ধারা বাতিলের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম।
সংশ্লিষ্ট মামলার শুনানিতে তাঁদের আইনজীবী ঝুমা সেন সওয়াল করেন, আধার আইনের যে ধারা অর্থাৎ ২৮এ-কে কার্যকর করে আধার বাতিল করা হয়েছে তার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। আইনের ওই ধারায় বিদেশি নাগরিকদের কথা বলা হয়েছে। ২০১৬ সালের আধার আইনে এই ধারা ছিল না। ২০২৩ সালে তা সংযুক্ত করা হয়েছে। আর এই ধারায় মাধ্যমে নাগরিকত্ব যাচাইয়ে আধার কর্তৃপক্ষকে বিবিধ ক্ষমতা দেওয়া হয়েছে যা সংবিধান বিরোধী।
মামলাটির শুনানি চলাকালীন প্রধান বিচারপতি পর্যবেক্ষণে বলেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য পরিচয়পত্র হিসাবে আধার গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই।
বুধবার ফের মামলার শুনানি হবে। তবে এই মামলায় কেন্দ্র আগেই হলফনামা দিয়ে জানিয়েছে, দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই আধার কার্ড বাতিল করা হয়েছে। যে সমস্ত ব্যক্তির কাছ থেকে এদেশের নাগরিক হওয়ার মত পর্যাপ্ত নথি মেলেনি তাদের আধার বাতিল করা হচ্ছে। এদেশে বেআইনিভাবে থেকে যাওয়া বিদেশি নাগরিকদের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।