
প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 November 2023 00:31
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: লিভ-ইন সম্পর্কে থাকার পরেই জানতে প্রেমিক জানতে পেরেছিল তার সঙ্গিনীর আরও অনেকের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই রাগ থেকেই প্রেমিকাকে খুনের ভাবনা মাথায় আসে তার। আর এরপর প্রেমিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে ডায়মন্ড হারবারে নিয়ে গিয়ে অ্যাসিড ছুড়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল সেই প্রেমিকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবারে নদীর পাড়ে ঘটনাটি ঘটেছে। আহত হয়েছে প্রেমিকা এবং ওই যুবক দু’জনেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযুক্ত যুবকের নাম শেখ শাহরুখ। সে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার রসপুঞ্জের বাসিন্দা। অভিযোগ, মঙ্গলবার সে তার প্রেমিকাকে ডায়মন্ড হারবারে ঘুরতে নিয়ে গিয়ে প্রকাশ্যে রাস্তায় অ্যাসিড ছুড়ে মারে। ঘটনায় গুরুতর জখম হন ওই তরুণী। আহত হয় শাহরুখও। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন ডায়মন্ড হারবার থানায় খবর দেয়। এরপর কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে উভয়কেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল পড়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, আহত ওই তরুণী মুর্শিদাবাদের বাসিন্দা। বেশ কিছুদিন ধরে শাহরুখের সঙ্গে তিনি লিভ-ইন সম্পর্কে রয়েছেন। কিন্তু এছাড়াও তাঁর আরও কয়েকজন যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই নিয়ে রাগের জেরেই তরুণীকে লক্ষ্য করে শাহরুখ কার্বলিক অ্যাসিড ছোঁড়ে বলে অভিযোগ। তাতে শাহরুখ নিজেও আহত হয়েছে। তরুণী বর্তমানে বিপন্মুক্ত বলে জানা গিয়েছে। অন্যদিকে অভিযুক্ত সুস্থ হলে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এছাড়াও ওই তরুণীর সঙ্গে আর কোন কোন যুবকের সম্পর্ক রয়েছে, তাও জানার চেষ্টা করা হবে।