কাপাসডাঙায় চার কাঠা জমিতে বাড়ি করে যেটুকু ফাঁকা পরে আছে সেই জমিতেই বসিয়েছেন আম কাঁঠাল নারকেল কলা কামরাঙা সহ নানা ধরনের ফলের গাছ।
_0.jpeg.webp)
গোপালবাবুর বাড়ির আঙুর
শেষ আপডেট: 23 May 2025 18:46
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বাগানের মাটিতে বসানো আম জাম কাঁঠাল গাছ তো ছিলই, এবার গোপালবাবুর বাড়িতে টবে ফলছে আঙুর গাছও।
চুঁচুড়ার কাপাসডাঙার বাসিন্দা গোপাল দে। চুঁচুড়া পুরসভার কর্মী ছিলেন। আগেও গাছপালা ভালবাসতেন। তবে অবসর নেওয়ার পর তাঁর ২৪ ঘণ্টাই জুড়ে গিয়েছে গাছপালার সঙ্গে। কাপাসডাঙায় চার কাঠা জমিতে বাড়ি করে যেটুকু ফাঁকা পরে আছে সেই জমিতেই বসিয়েছেন আম কাঁঠাল নারকেল কলা কামরাঙা সহ নানা ধরনের ফলের গাছ। তাতে ফল হচ্ছে ভালই। এবার টবে আঙুর গাছ লাগিয়েও সফল।
গোপালবাবু জানান, গত বছর একটা আপেল আর একটা আঙুর গাছ বসিয়েছিলেন। আপেল গাছটা বড় হয়েও শেষ পর্যন্ত বাঁচেনি। তবে আঙুর গাছ লতিয়ে মাচায় ছড়িয়ে পড়ে। তিনি বলেন, "অনেকেই আমাকে বলেছিলেন বাড়ির টবে আঙুর গাছ করা যাবে না। তাঁদের আমি দেখাতে চাই যত্ন করলে সবই সম্ভব। শুধু আঙুরই হয়নি, মিষ্টি আঙুর হয়েছে।"
গোপালবাবু জানান, মাটিতে নানা ধরনের ফলের গাছ বসিয়েছেন। ছাদেও টব গাছ করেছেন বিভিন্ন ফলের। তার অবসর এখন এই সব ফল গাছের পরিচর্যা করেই কাটে। পরিবারের সদস্যরা তাকে সাহায্য করেন।