
শেষ আপডেট: 15 April 2024 12:46
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: খাবার খুঁজতে গিয়ে প্লাস্টিকের জারে মুখ ঢু্কিয়ে ফেলেছিল। কিছুতেই আর বার করা যায়নি সেই জার। ফলে এক সপ্তাহ ধরে খাবার তো দূরের কথা, জলটুকও আর খেতে পারেনি। অবশেষে প্রায় মরতে বসা একটি পথ কুকুরকে নতুন জীবন দিলেন জিরাটের দুই পশুপ্রেমী। নিজের মতো করে কৃতজ্ঞতাও জানায় সে। বেশ কিছুটা পথ এগিয়ে দেয় উদ্ধারকর্তাদের।
গত ৮ এপ্রিল হুগলির বলাগড়ের জিরাট পোস্ট অফিস পাড়ায় একটি পথ কুকুর খাবারের সন্ধানে প্লাস্টিকের জারের মধ্যে মুখ ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে গলা পর্যন্ত মুখটি জারে আটকে যায়। ওই অবস্থায় এক সপ্তাহ ধরে না খেয়ে পথে পথে ঘুরতে থাকে। অনেকে বিষয়টি দেখেও এগিয়ে আসেনি। রবিবার সন্ধ্যায় ঘটনাটি চোখে পড়ে জিরাট হাটতলার বাসিন্দা টোটোচালক ও পশুপ্রেমী প্রমথ বিশ্বাসের। তিনি সঙ্গে সঙ্গে খবর দেন পাশের গ্রাম মিলনগড়ের বাসিন্দা বলাগড় নির্বাক নির্ভর সমিতির সম্পাদক বনমালী তপাদারকে। বনমালী পৌঁছে যান জিরাট হাটতলায় সারমেয়টিকে উদ্বার করতে। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় জারটি কাঁচি দিয়ে কেটে কুকুরটিকে নতুন জীবন দেন তিনি। এরপর খাবার ও জল দেওয়া হয় তাকে। কৃতজ্ঞতা জানতে ভোলেনি পথ কুকুরটি। উদ্ধারকারী বনমালীর বাইকের পিছু নেয় সে। বেশ কিছুটা রাস্তা তাকে বাড়ির পথে এগিয়ে দিয়ে আসে।
প্রমথ বিশ্বাস বলেন,"আমি টোটো নিয়ে যাওয়ার সময় দেখতে পাই। স্থানীয়রা জানায় এক সপ্তাহ ধরে কুকুরটি এই অবস্থায় আছে। আমি বনমালীকে খবর দিই।" বনমালী তপাদার বলেন, "প্লাস্টিকের কৌটো আটকে যাওয়ায় জল খাবার কিছুই খেতে পারছিল না কুকুরটি। আমি খবর পেয়ে পোস্ট অফিসপাড়ায় যাই। এরপর কয়েকজনের সাহায্যে কৌটোটি তার মুখ থেকে খুলে দিই। প্রাণে বেঁচে যায় সে।"
মাসখানেক আগে ধনিয়াখালির ফিডার রোডে একই রকম ভাবে প্লাস্টিক জার মুখে ঢুকে যাওয়ায় বিপদে পড়েছিল একটি পথ-কুকুর। স্থানীয়দের সাহায্যে তাকে বাঁচান পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি।