
শেষ আপডেট: 7 December 2023 20:37
দ্য ওয়াল ব্যুরো, দুর্গাপুর: বিয়ের প্রস্তাবে রাজি ছিলেন না। আর তাতেই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের এক তরুণীকে অ্যাসিড ছোঁড়ে যুবক। ঘটনার ২ বছর পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল দুর্গাপুর আদালত। বৃহস্পতিবার অভিযুক্তের ১০ বছরের কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দিয়ছেন দুর্গাপুর ফাস্ট অ্যাডিশনাল সেশনের বিচারক শৈলেন্দ্র কুমার সিং ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে। দুর্গাপুর বি জোন এলাকার বাসিন্দা নির্যাতিতা। বছর আঠাশের ওই যুবতী গৃহপরিচারিকার কাজ করতেন। তাঁকে মোবাইলে বিভিন্ন নম্বর থেকে ফোন করে উত্যক্ত করত অভিযুক্ত মোহাম্মদ রফিক ওরফে রফিক মন্ডল। এরপর তাঁর সঙ্গে ফেসবুকে আলাপ করে এবং টানা দু'বছর নানাভাবে বিরক্ত করতে থাকে ওই ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, বছর ৪৫ এর মোহাম্মদ রফিক বারাইপুর থানা এলাকার বাসিন্দা। মহিলা তাঁর দাদাকে বিষয়টি জানায়। এরপর তরুণীর দাদা ওই ব্যক্তিকে ফোন করে হুঁশিয়ারি দিলেও কোনও লাভ হয়নি। যুবতীকে লাগাতার ফোন করতে থাকে অভিযুক্ত। একটি নম্বর ব্লক করলে অন্য মোবাইল নম্বর থেকে ফোন করে বিরক্ত করতে শুরু করে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। এমনকী ওই মহিলাকে বিয়েরও প্রস্তাব দেয় অভিযুক্ত। আর তাতে রাজি না হওয়ায় দুর্গাপুরের আইনস্টাইন রোডের কাছে রাস্তার মাঝে তরুণীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে সে। যন্ত্রণায় কাতরাতে থাকেন তরুণী। মুহূর্তে তাঁর শরীর ও মুখমণ্ডল ঝলসে যায়।
দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা হয় নির্যাতিতার। ঘটনাটির প্রেক্ষিতে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার সাব-ইন্সপেক্টর মলয় দাস। ওই পুলিশ আধিকারিক অভিযুক্তর মোবাইল নম্বরের সূত্র ধরে তাঁর খোঁজ চালায়। বিভিন্নভাবে পালানোর চেষ্টা করলেও অবশেষে পুলিশের জালে ধরা পড়ে ওই ব্যক্তি। শুরু হয় মামলা।
দুই বছর ধরে মামলাটির শুনানি হয়। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নানান তথ্য সংগ্রহ করে। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে সক্ষম হয়। জানা গিয়েছে, আধুনিক পদ্ধতিতে মোবাইলের টাওয়ার লোকেশন ধরে ওই ব্যক্তি নির্যাতিতার উপর কীভাবে অ্যাসিড ছোঁড়ে, সেই সমস্ত প্রমাণ আদালতে পেশ করে পুলিশ। সমস্ত নথি খতিয়ে দেখে এবং নয় জন সাক্ষীর সাক্ষ্যদানের প্রেক্ষিতে গত ৫ ডিসেম্বর অভিযুক্ত মোহাম্মদ রফিককে দোষী সাব্যস্ত করে আদালত।