
শেষ আপডেট: 26 November 2023 13:22
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দেগঙ্গায় বোমা ফেটে জখম ১৪ বছরের এক কিশোর। আহত অবস্থায় ওই কিশোরকে দেগঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় বারাসত জেলা হাসপাতালে।
রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গা থানার দক্ষিণ কলসুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের পেছনে শাহনাজ তরফদার নামে এক স্থানীয়ের জমিতে একটি বস্তায় বেশ কয়েকটি তাজা বোমা রাখা ছিল। সুতলি বাঁধা গোলাকৃতির ওই বোমাগুলিকে বল ভেবে খেলতে যায় এক ১৪ বছরের কিশোর। সেই সময়ে আচমকা বিস্ফোরণ ঘটে।
জানা গিয়েছে, দরিদ্র পরিবার থেকে আসা ওই কিশোরের বাবা দিনমজুর। পুলিশ ঘটনার খবর পেয়ে কলসুর গ্রামে যায়। বোমাগুলিকে উদ্ধার করে। জানা গিয়েছে, ওই ব্যাগ থেকে তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, কে বা কারা এই বোমাগুলিকে সেখানে রেখে গিয়েছে কেউ জানেন না। পুলিশ বোমাগুলিকে নিস্ক্রিয় করার ব্যবস্থা করেছে। এই ঘটনার পিছনে কারা রয়েছে, সেবিষয়ে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।