
শেষ আপডেট: 8 September 2022 02:37
দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণে বাধা পেয়ে এবার গ্রামেরই এক কিশোরীর (minor girl) মুখে অ্যাসিড (acid) ঢেলে দিল প্রতিবেশী যুবক। এরপর তার চিৎকার বন্ধ করতে ছুরি দিয়ে গলা কেটে খুনের চেষ্টাও করে অভিযুক্ত। নৃশংস এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) নেল্লোর জেলার একটি গ্রামে। ১৪ বছরের ওই কিশোরীকে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার পুলিশ জানিয়েছে, নবম শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত সেই যুবক। মেয়েটি তখন কোনওক্রমে সেখান থেকে পালিয়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর ওই যুবক বাথরুমের দরজা ভেঙে নাবালিকাকে বের করে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি বাধা দিলে তার মুখে বাথরুম পরিষ্কার করার অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত।
অ্যাসিডের জ্বালায় মেয়েটি চিৎকার শুরু করতেই যুবকটি তার গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। চিৎকার-চেঁচামেচিতে আশেপাশের বাড়ি থেকে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে তাঁরা তার বাবা-মা'কে খবর দেন। সঙ্গে সঙ্গে মেয়েটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এইমুহূর্তে তার অবস্থা সঙ্কটজনক বলেই জানা গেছে।
‘হিন্দু’ সেজে তরুণীকে বিয়ে মুসলিম যুবকের, লাভ-জিহাদের অভিযোগে গ্রেফতার জিম ট্রেনার
এই ঘটনায় পুলিশ নাগারাজু নামের ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। সে ওই নাবালিকার আত্মীয় বলে পুলিশ জানতে পেরেছে। এদিকে এই ঘটনার পর অন্ধ্রপ্রদেশের কৃষিমন্ত্রী গোবর্ধন রেড্ডি হাসপাতালে গিয়ে নির্যাতিতার বাবা-মা'র সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন। পুলিস অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও অ্যাসিড ঢেলে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে।