
শেষ আপডেট: 31 October 2023 13:51
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরের ঘটনার পরে ফের নৃশংসভাবে স্ত্রীকে খুনের ঘটনা! ডিভোর্স দিতে চাওয়ায় ধারালো ছুরি দিয়ে স্ত্রীর গলা কেটে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে সোনারপুর থানার শীতলা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। রাতেই অভিযুক্ত স্বামী সমীর মণ্ডল থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মালা বোস (৩০)।
কয়েকদিন আগেই মদের টাকার জন্য বারুইপুরে স্ত্রীকে খুন করে পুঁতে রেখেছিল স্বামী। সেখানেই বসিয়ে ছিল মদের আসর। এবার যা ঘটল সেটিও শিউরে ওঠার মতো।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালা অফিস গিয়েছিলেন। সন্ধেবেলায় অফিস থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করছিলেন। সেই সময়েই মালার স্বামী সমীর বাড়িতে আসে। কথা বলার জন্য স্ত্রীকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান। অভিযোগ সেই সময় কথা বলতে বলতে ধারাল ছুরি দিয়ে স্ত্রীর গলায় কোপ বসায় সমীর। মালার ধড় থেকে মুন্ডু ঝুলে পড়ে। শ্বশুরবাড়ির আত্মীয়দের ঘটনাস্থলে ছুটে আসতে দেখে অন্ধকারের মধ্যে গা ঢাকা দেয় সমীর।
মৃতের পরিবারের আত্মীয়রা জানিয়েছেন, ১৫ বছর আগে সমীরের সঙ্গে বিয়ে হয়েছিল মেয়ের। তাদের একটি নাবালিকা মেয়েও রয়েছে। বিয়ের আগে এলাকায় ওই যুবকের কাপড়ের ব্যবসা ছিল। কিন্তু ব্যবসায় তেমন কোনও উন্নতি হচ্ছিল না। ঋণ নিয়ে কোনওরকমে ব্যবসা চালানোর চেষ্টা করছিল। ব্যবসায়ে মন্দার কারণে সংসারে অশান্তি শুরু হয়। সংসার চালানোর জন্য মালা একটি কলসেন্টারে চাকরি শুরু করেন।
এর পর থেকে সমীর মালাকে সন্দেহ করতে থাকে। তার ধারণা হয়েছিল যে মালা একাধিক পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এতে ওই দম্পতির মধ্যে অশান্তি চরমে উঠেছিল। এমনকী মেয়েকেও মারধর করত সমীর এমনটাই অভিযোগ। এত অত্যাচার সহ্য করে না পেরে মালা সমীরকে ডিভোর্স দেওয়ার কথা চিন্তা ভাবনা করছিল। এই ব্যাপারটা সমীর মানতে না পেরে এর আগেও মালার উপর অ্যাসিড নিয়ে হামলা চালাতে এসেছিল বলে অভিযোগ। সেবার ব্যর্থ হলেও সোমবার চরম কাণ্ড ঘটিয়ে ফেলে। ঘটনার আকস্মিকতায় মালার পরিবার ও প্রতিবেশীরা শোকে ও আতঙ্কে কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন।