
শেষ আপডেট: 28 December 2023 20:13
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শীতের দুপুর। রোদ পোহাতে পোহাতে বাড়ির উঠোনে বসে সবজি কাট ছিলেন। সামনে বসেছিল ছোট্টো মেয়ে। আচমকা বিকট শব্দ! চোখ তুলে তাকাতেই দেখতে পান, পাঁচিল ভেঙে উঠোনে ঢুকে পড়ছে প্রকান্ড একটি ইট বোঝাই লরি! দেখে মনে হয়েছিল, স্বয়ং যমদূত এগিয়ে আসছেন। কোনওরকমে সব ফেলে মেয়েকে নিয়ে প্রাণ বাঁচাতে দৌড় দিয়েছিলেন অরতি হেমব্রম। বৃহস্পতিবার দুপুরের এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন, হুগলির পান্ডুয়ার দে পাড়ার ওই বধূ। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় গোটায় এলাকায়।
আরতি জানিয়েছেন, দুপুরে তিনি উঠোনে বসে সবজি কাটছিলেন। বিকট শব্দ শুনতে পান। দেখেন, ঘরের দেওয়ালের একাংশ হেলে পড়ছে। দেখেই সব ফেলে মেয়েকে নিয়ে ছুটে পালিয়ে যান। কোনওরকমে প্রাণ বাঁচে তাঁদের। এখনও সেই অভিজ্ঞতার কথা ভেবে ভয়ে কাঁটা হয়ে যাচ্ছেন আরতি।
স্বামী সমীরণ হেমব্রম জানিয়েছেন, ঘটনার সময়ে তিনি বাড়িতে ছিলেন না। প্রতিবেশীরা দুর্ঘটনার খবর দিতেই তিনি বাড়িতে ছুটে আসেন। দেখেন, বাড়ির একাংশ পুরোটাই ভেঙে পড়েছে। তবে স্ত্রীর ও সন্তানকে অক্ষত দেখে ধরে প্রাণ আসে তাঁর।
সমীরণবাবুর দাবি, প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, লরিটি ইট নিয়ে আসছিল। সেই সময় একটি বাইকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডুয়া থানার পুলিশ৷ লরির চালক সহ খালাসিকে আটক করে।