দ্য ওয়াল ব্যুরো: একজন মডেল, অন্যজন গৃহবধূ। দু’জনেরই চাহিদা আকাশছোঁয়া। এই চাহিদা মেটাতে গিয়েই নাকি রীতিমতো নাস্তানাবুদ হচ্ছিলেন স্ক্রিপট রাইটার। তাই খরচের জোগান দিতে ভুয়ো নোট ছাপিয়ে বাজারে ছাড়া শুরু করেছিলেন তিনি। পুলিশি জেরায়, এমনটাই দাবি বছর সাঁইত্রিশের যুবকের। বয়ান শুনে স্তম্ভিত পুলিশ কর্তারা।
মুম্বইয়ের বোরাভেলির এস ভি রোডের বাসিন্দা দেবকুমার রামরতন পটেল। পেশায় স্ক্রিপট রাইটার। একাধিক টিভি সিরিয়াল, টিভি শোয়ের স্ক্রিপট লিখেছেন। ‘ঈশ্বর এক অপরাধ’ টিভি সিরিয়ালে তাঁর লেখা স্ক্রিপট বেশ জনপ্রিয়।
পুলিশ জানিয়েছে, ভুয়ো নোটের রমরমা কারবার ফেঁদে বসেছেন দেবকুমার, এমন সন্দেহটা বহুদিন ধরেই ছিল। গত রবিবার বোরাভেলি এলাকায় তাঁকে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। তল্লাশিতে মেলে লক্ষ লক্ষ টাকার ভুয়ো নোট।
তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, দেবকুমারের বাড়ি থেকে ২,০০০, ৫০০ ও ২০০-র নোটের পাঁচ লক্ষ টাকার জাল নোট পাওয়া গেছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে কম্পিউটার, স্ক্যানার এবং প্রিন্টার। জেরায় তিনি জানিয়েছেন, বাড়িতে বসেই নোট ছাপিয়ে বাজারে বিলি করতেন। স্ক্রিপট লিখে ইদানীং বেশি রোজগার হচ্ছিল না, তাই জাল নোটের কারবার শুরু করেন। কয়েকজন শাগরেদ জুটিয়ে এই নোট তাঁরা গ্রাম বা শহরতলির দিকেই বিলি করতেন। পুলিশ কর্তা মহেশ দেশাইয়ের কথায়, মধ্যপ্রদেশের প্রত্যন্ত এলাকায় হাজার হাজার টাকার জাল নোট ছড়িয়ে দিয়েছেন দেবকুমার। সাকুল্যে ১৫ লক্ষ টাকার জাল নোট বিলি করেছেন তিনি।
দেবকুমারকে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন মুম্বই ক্রাইম শাখার অফিসাররা। তাঁকে আদালতে তোলা হবে।