
শেষ আপডেট: 1 January 2023 08:24
দ্য ওয়াল ব্যুরো: বর্ষবরণের রাতে ফের বেপরোয়া গাড়ির (car) দৌরাত্ম্য শহরে। সায়েন্স সিটির (Science City) কাছে ট্রাফিক কনস্টেবলকে (traffic police) সজোরে ধাক্কা মেরে পালাল চালক। সূত্রের খবর, নাকা চেকিং চলাকালীন এই ঘটনাটি ঘটেছে।
ঘটনার জেরে পাঁজরে গুরুতর আঘাত লেগেছে তিলজলা ট্রাফিক গার্ডের কনস্টেবল তপন চক্রবর্তীর। সঙ্গে সঙ্গে বাকি পুলিশ কনস্টেবলরা তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। এদিকে ঘটনার পরেই অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ একটি গাড়ি ঝড়ের গতিতে পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। চায়না টাউনের কাছে কর্তব্যরত গার্ড তপনবাবু নাকা চেকিংয়ের জন্য গাড়িটি আটকাতে যান। কিন্তু গাড়িটি না থেমে ওই পুলিশকর্মীকে সজোরে ধাক্কা মারে। গাড়ির ধাক্কা খেয়ে দূরে ছিটকে পড়েন ওই পুলিশকর্মী। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, শুক্রবার রাত দশটা নাগাদ মত্ত যুবকদের হাতে আক্রান্ত হয়েছিলেন পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের ট্রাফিক সার্জেন্ট সুমন কল্যাণ ঢাক এবং সার্ভে পার্ক থানার এএসআই এসকে পাত্র। রাতেরবেলা নাকা তল্লাশি চালানোর সময় হেলমেটবিহীন সেই বাইক আরোহীদের আটক করে ট্রাফিক পুলিশ। জরিমানার জন্য চালান কাটা হয়। এরপরেই দলবল নিয়ে সেই যুবকরা চড়াও হয় পুলিশের উপর। গুরুতর আহত হন সেই ট্রাফিক সার্জেন্ট ও সার্ভে পার্ক থানার এএসআই। এরপর চার অভিযুক্তকে রাতেই গ্রেফতার করেছিল পুলিশ।
বর্ষবরণের ভোরে বাইপাসে দুর্ঘটনা! এয়ারব্যাগ খুলে অল্পের জন্য রক্ষা