
শেষ আপডেট: 25 October 2023 20:07
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ৪ ভরি সোনার গয়না, একহাজার টাকা ও একটি দামি মোবাইল ফোন ছিল ব্যাগে। সেই ব্যাগ নিয়ে পালিয়ে গেল এক অটোচালক। বুধবার ঘটনাটি ঘটেছে ক্যানিং বাজার সংলগ্ন পথেরসাথী হোটেল লাগোয়া রোডে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুরের পিয়ালির বাসিন্দা শীলা মণ্ডল এদিন গোসাবার বাপের বাড়ি থেকে ফিরছিলেন। গদখালি থেকে ম্যাজিক গাড়িতে ক্যানিংয়ে আসেন। সেখানে ম্যাজিক গাড়ি থেকে নেমে তাঁর হাতে থাকা ব্যাগগুলি দাঁড়িয়ে থাকা একটি অটোতে রেখেছিলেন। অভিযোগ, অটোচালক সেই ব্যাগ সমেত গাড়ি নিয়ে পালিয়ে যায়।
অটোটিকে ধরার চেষ্টা করলেও তিনি ধরতে পারেননি। মহিলার চিৎকারে আশেপাশের লোকেরাও দৌড়ে আসেন। সামনে থাকা ট্রাফিক পুলিশও ছুটে আসেন ঘটনাস্থলে। পরে পুলিশকেও ডেকে পাঠানো হয়।
বধূর দাবি, ব্যাগের মধ্যে নগদ টাকা চার ভরি সোনার গয়না ও একটি দামি মোবাইল ফোন ছিল। ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় জোর তল্লাশি চালাচ্ছে।