
শেষ আপডেট: 19 November 2023 18:22
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ছটপুজোর ঘাটে স্নান করতে নেমেছিল ১৭ বছরের এক কিশোর। সেখানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। দামোদরের স্রোতে তলিয়ে গেল সে। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল আসানসোল কুলটি থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরাকরের দামোদর নদীর ছট ঘাটে দুপুরে দুই বন্ধুর সঙ্গে স্নান করতে নেমেছিল ১৭ বছরের কিশোর অঙ্কিত মিশ্র। আচমকাই নদীর স্রোতে সে তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে অঙ্কিতকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে নদীতে। অচৈতন্য অবস্থায় তাকে তুলে আনে। এরপরে কোনওরকমের সাড়া না পাওয়ায় অঙ্কিতকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তারবাবুরা তাকে পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করে। উৎসবের দিনে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এই মর্মান্তিক ঘটনার পরেই ঘাট ঘিরে দেওয়া হয়েছে। এদিকে বিকেল হতেই ঘাটে ঘাটে শুরু হয়ে গিয়েছিল ছটপুজোর প্রস্তুতি। পূণ্যার্থীদের ভিড় জমতে শুরু করে। নদীতে নেমে পুজো শুরু করেন। এলাকায় বিশেষ নজরদারি রেখেছে প্রশাসন।