
শেষ আপডেট: 10 October 2023 13:23
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গভীর রাতে রাস্তার কুকুরগুলো তারস্বরে ডাকছে। কুকুরের ডাকে ঘুম ভেঙে গিয়েছিল এক গ্রামবাসীর। জানলা দিয়ে উঁকি দিতেই যে দৃশ্য চোখে পড়ে তা দেখে হাড় হিম হয়ে যায় তাঁর। দেখেন, একটি কুমির বাড়ির দেওয়াল ঘেঁষে ঘুরে বেড়াচ্ছে। সোমবার রাত থেকে কুমির আতঙ্কে ঘুম ছুটেছে কালনার ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দাদের। বাড়ি থেকে বের হতে পারছেন না সেখানকার বাসিন্দারা। বাড়ির দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে প্রায় ১০ ফুট কুমিরটি।
পাশ দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদী। সেখান থেকে কুমিরটি গ্রামে ঢুকেছে বলে মনে করছেন অনেকে। কোনওরকমে আতঙ্কের মধ্যে রাত কাটিয়ে মঙ্গলবার সকালে তড়িঘড়ি বনদফতরকে খবর দেন গ্রামবাসীরা। খবর পেয়েই এলাকায় ছুটে যায় পুলিশ ও বনদফতর। গোটা এলাকা দড়ি দিয়ে ঘিরে দিয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা মেনকা পাল বলেন, 'রাতে ঘুম আসছিল না। তাই অনেকক্ষণ ধরে বিছানায় বসেছিলাম। বাইরে কুকুরগুলো একসঙ্গে চিৎকার করতে থাকায় সন্দেহ হয়। জানলায় উঁকি দিতেই দেখি একটা মস্ত কুমির বাড়ির কাছে ঘুরে বেড়াচ্ছে।'
এলাকার আরও এক বাসিন্দা বলেন, ' কুমিরটিকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে ফোনে খবর দিয়েছিলাম। রাতেই পুলিশ এসেছিল। সকালে বনদফতর খবর পেয়ে এলাকায় আসে। কুমির ধরার চেষ্টা করছেন বনকর্মীরা।'
ওই বাসিন্দার অনুমান নদীতে জল বেড়েছে। তাই হয়ত কুমিরটি গ্রামে ঢুকে এসেছে। বনদফতরের আধিকারিক শিবপ্রসাদ সিনহা জানিয়েছেন, এই এলাকার থেকে ভাগীরথী অনেকটাই কাছে। সেখানে থেকেই লোকালয়ে কুমির চলে আসতে পারে। এটা অবশ্য চিন্তার ব্যাপার। কীভাবে কুমিরটি গ্রামের ঢুকে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।