
শেষ আপডেট: 17 July 2022 05:24
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার ৭৫ বছর পালিত হচ্ছে ভারতে। জন্মভিটের সঙ্গে রীণা ছিবারের (Reena Chhibar) বিচ্ছেদটাও সেই ৭৫ বছরেরই। এখন তাঁর তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে। তবু শেষ বয়সে এসে ইচ্ছেপূরণ করলেন ৯২ বছরের ভারতীয় বৃদ্ধা। কাঁটাতার (Partition) পেরিয়ে জন্মভিটে দেখতে তিনি পা রাখলেন পাকিস্তানে (Pakistan)।
পাকিস্তান হাই কমিশন ওই বৃদ্ধাকে তিন মাসের ভিসা দিয়েছে। শনিবারই ওয়াঘা-আত্তারি বর্ডার পার করে পড়শি দেশে পা রেখেছেন রীণা। তাঁর বাড়ি রাওয়ালপিন্ডির প্রেম নিবাসে। মৃত্যুর আগে ফেলে আসা সেই ভিটেমাটির স্বাদ আরও একবার চেখে দেখতে চান তিনি।
ভিসার বিধিনিষেধ কিছুটা শিথিল করে পাকিস্তান আর ভারতের মধ্যে যাতায়াত সহজ করার আর্জি জানিয়েছিলেন বৃদ্ধা। দুই দেশের সরকারের কাছেই পৌঁছেছিল তাঁর আবেদন।
দেশভাগের সময় নাড়ির টান ছিঁড়ে পাকিস্তান পেরিয়ে ভারতে চলে আসতে হয়েছিল রীণা ছিবারকে। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। রাওয়ালপিন্ডিতে মুসলিমদের ভিড়ে তাঁরা সংখ্যালঘুই ছিলেন। তবে রীণা জানান, সকলে মিলেমিশে থাকত তাঁদের এলাকায়। তাঁদের বাড়িতে মাঝেমধ্যেই মুসলমান বন্ধুরা আসত, হিন্দু-মুসলিমে সেখানে তেমন কোনও বিভেদ ছিল না। জন্মভিটে, সেখানকার আত্মীয় পরিজন, চেনা মানুষদের মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারেননি রীণা। এত বছরেও ফিকে হয়নি স্মৃতি।
পরিচিতদের সঙ্গে দেখা করার জন্য রীণা এতটাই ব্যাকুল হয়ে উঠেছিলেন যে সেই ১৯৬৫ সালেই পাকিস্তানের ভিসার জন্য আবেদন জানিয়েছিলেন। তবে সেসময় দুই দেশের মধ্যে দ্বন্দ্বের আবহ ছিল, তাই ভিসা মঞ্জুর হয়নি। এতদিন পর ‘দেশে’ ফিরতে পেরে উচ্ছ্বসিত ৯২-এর বৃদ্ধা।
আরও পড়ুন: ৮৫ বছরে জীবনের প্রথম গাড়ি কিনলেন গুজরাতের বৃদ্ধ! স্বপ্ন ছোঁয়ার বয়স হয় না