
শেষ আপডেট: 12 December 2019 09:23
লিসিপ্রিয়া ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তৃতা দিয়েছে। সচেতনতা শিবির করেছে নানা জায়গায়। করেছে মিছিল। প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে সাধ্যমতো। আর এই সবটাই কিন্তু সে করছে মাত্র আট বছর বয়সে!
সম্প্রতি স্পেনে গিয়েছিল লিসিপ্রিয়া, সেখানেই একটি অনুষ্ঠানে গ্রেটা থুনবার্গের সঙ্গে দেখা হয় তার। গ্রেটার কাছে পরামর্শ নেয় লিসি। জানতে চায়, জলবায়ুর এই কঠিন পরিস্থিতিতে সে কীভাবে লড়াই করতে পারে? এর পরেই প্রধানমন্ত্রীর কাছে জলবায়ু আইন পাশ করানোর জন্য আবেদন করার সিদ্ধান্ত নেয় সে। সংসদের সামনে গিয়েও দাঁড়ায় প্ল্যাকার্ড নিয়ে।
https://twitter.com/LicypriyaK/status/1162273338640568320
লিসিপ্রিয়ার কথায়, “আমি প্রধানমন্ত্রীকে এবং সমস্ত সাংসদকে অনুরোধ করছি এই মুহূর্তে জলবায়ু আইন পাশ করিয়ে জলবায়ুর এই পরিবর্তন রোখার ব্যবস্থা করতে, আমাদের ভবিষ্যৎ রক্ষা করতে। সমুদ্রের জলস্তর ক্রমে বাড়ছে, পৃথিবী ক্রমেই উষ্ণ হচ্ছে। এখুনি কিছু করা উচিত ওঁদের।”
এ বছরের ওয়ার্ল্ড চিলড্রেন পিস প্রাইজ়ও পেয়েছে লিসিপ্রিয়া। গড়ে তুলেছে ‘দ্য চাইল্ড মুভমেন্ট’ নামের একটি প্ল্যাটফর্ম। সেখান থেকে সমস্ত শিশু পরিবেশ রক্ষার জন্য গলা তুলতে পারে। জলবায়ু সংরক্ষণের জন্য নিজেদের মতো করে প্রতিবাদ করতে পারে যে কোনও শিশু।
গত এপ্রিল মাসে জেনিভায় রাষ্ট্রপুঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার ডাক পেয়েছিল লিসিপ্রিয়া। তার আগে ২০১৮ সালে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতোরে আয়োজিত এশিয়ান মিনিস্টারিয়াল কনফারেন্সেও আমন্ত্রিত ছিল সে। তবে আন্তর্জাতিক যুব কমিটির (আইওয়াইসি) চাইল্ড ডিজাস্টার রিস্ক অ্যাডভোকেট পদে বসে ইতিহাস গড়ে ফেলে লিসিপ্রিয়া। রাষ্ট্রপুঞ্জে ডাক পাওয়া সর্বকনিষ্ঠ সদস্য হিসেবেও নজির সৃষ্টি করে সে। সেখানে শুধু সে ভারতীয় শিশুদেরই নয় গোটা এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শিশুদের প্রতিনিধিত্ব করেছিল লিসিপ্রিয়া।
রাষ্ট্রসঙ্ঘের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লিসিপ্রিয়া বলেছিল, “টিভিতে ভূমিকম্প, বন্যা, সুনামি— এসব দেখলেই আমি খুব ভয় পেয়ে যাই। প্রাকৃতিক বিপর্যয়ে এত মানুষের মৃত্যু আমায় কাঁদায়। আমার মতো আগামী প্রজন্মের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে তোলা জরুরি। সে কারণেই আমি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”