
শেষ আপডেট: 1 January 2024 16:17
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: সরকারি ত্রিপল বিলিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় উত্তপ্ত হল তৃণমূল কংগ্রেসের ২৭ তম প্রতিষ্ঠা দিবসের সকাল। কমপক্ষে ৭ জন তৃণমূল কর্মী সমর্থক গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। সোমবার সকালে বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের ভাঙনখালি ইটগাছা পাড়ায় এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।
মারামারিতে জখম হাবিবা শেখ, ফরেজ আলি শেখ, আব্দুল আলি শেখ, বাসার আলি শেখ, ছোরমান লস্কর ও জান্নাহ লস্করকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,এলাকার দরিদ্র মানুষদের জন্য সরকারিভাবে দুটি ত্রিপল এসেছিল। কিন্তু দাবিদার অসংখ্য হওয়া কাউকে না দিয়ে রেখে দেওয়া হয়েছিল।
কেন সরকারি ত্রিপল দেওয়া হবে না এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ বাঁধে। দুই পরিবারের লোকজন সবাই তৃণমূলের কর্মী সমর্থক। বচসা গড়ায় মারামারিতে। লাঠি ও বাঁশের আঘাতে উভয় পরিবার ৭ জন জখম হন। পরে বাসন্তী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায়। তবে এই ঘটনাকে তৃণমূলের গন্ডগোল বলতে নারাজ বাসন্তীর ব্লক তৃণমূল নেতা রাজা গাজি। তিনি বলেন, “একটি ঘটনা ঘটেছে। তবে সেটা পারিবারিক ঘটনা। পুলিশ প্রশাসনকে জানিয়েছি। কোনও দলের রঙ না দেখে কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করা দরকার।”