
শেষ আপডেট: 18 December 2023 16:49
দ্য ওয়াল ব্যুরো: হই হই করে আনন্দ, মজা, খাওয়া দাওয়া, নাচ গান এইসব মিলিয়েই তো পিকনিক। আর বাঙালির বারো মাসে তেরো পার্বনের মধ্যে এই শীতকালীন পিকনিকও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খোলা আকাশের নীচে শীতের মিঠে রোদ গায়ে মেখে মুচমুচে পকোড়া খেতে কার না মন চায়?
বাচ্চাদের দৌড়াদৌড়ি, বড়দের গল্পের আসর, গানের লড়াই, মিউজিকাল চেয়ার কত কী! এসব পর্ব মিটলে আসে খাওয়া দাওয়ার পর্ব। সেও এক এলাহি ব্যাপার।তবে এইসব মজার জন্য দরকার একটা সুন্দর পিকনিক স্পট। কলকাতার কাছাকাছি রয়েছে দারুণ দারুণ পিকনিক স্পট, সেটা কী জানেন ? আপনার জন্য রইল ৭ সেরা পিকনিক স্পটের সন্ধান।
১) ব্যারাকপুর
কলকাতা থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে ব্যারাকপুর। হুগলী নদীর একদম ধারে হওয়ায় এখানে এমন অনেক পিকনিক স্পট
রয়েছে যা গড়ে উঠেছে নদীর পার ধরে।প্রত্যেকটাই পিকনিকের জন্য একদম পারফেক্ট। বিভিন্ন পার্ক, বাগান তো রয়েছেই পাশাপাশি ঘুরে দেখতে পারেন মঙ্গল পান্ডে পার্ক, গান্ধী মিউজিয়ামের মতো ঐতিহাসিক জায়গাও।
২) বাবুর হাট
যদি আপনি কলকাতা শহরের কোলাহল থেকে একটু সরে আসতে চান। যদি আপনি একটু খোলামেলা জায়গায় নিজের পরিবার, বন্ধুবান্ধব নিয়ে পিকনিক করতে চান তাহলে বাবুর হাট হতে পারে আপনার পছন্দের পিকনিক স্পট। কলকাতা থেকে ৪৮ কিলোমিটার দূরে এই ছোট্ট গ্রামকে ঘিরে রয়েছে ঘন সবুজের ছায়া, রয়েছে প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া লেক, ধানক্ষেত, সারি সারি সবজির বাগান আর প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য দূষণমুক্ত বাতাস।
৩) ফলতা
হুগলী নদীর তীরে এত সুন্দর একটা পিকনিক স্পট রয়েছে সেটা অনেকেই জানেন না ! তাও আবার কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে। নদীর পারে বসলে কীভাবে যে সময় কেটে যাবে বুঝতেও পারবেন না। নদীর পারের অপূর্ব দৃশ্য সঙ্গে নানান মজাদার অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়া, আগুন জ্বালিয়ে বনফায়ার আর কী চাই। এমনকি র্যাপেলিং, রক ক্লাইম্বিং, ট্রেকিং সবই করতে পারবেন ফলতায় গেলে।
৪) পিয়ালি আইল্যান্ড
বন্ধু বা পরিবার নিয়ে পিকনিক করতে যাওয়ার অন্যতম পছন্দের জায়গা পিয়ালি আইল্যান্ড। কলকাতা থেকে ৭০ কিলোমিটার দূরে ছোট্ট এই আইল্যান্ড। ঘন জঙ্গল, সবুজে ঘেরা দ্বীপ, সামনে পিয়ালি নদী আর মাথার উপর খোলা আকাশ একদম আদর্শ জায়গা হতে পারে এবছরের পিকনিকের জন্য। করতে পারবেন ফিশিং, রিভার রাফটিং এবং বোটিংও। অনেকে এখানে পরিযায়ী পাখিদের দেখার জন্যেও আসেন।
৫) গাদিয়ারা
কলকাতার ধোঁয়া আর আওয়াজ থেকে দূরে নির্জন গাদিয়ারা হতে পারে আপনার এবারের পিকনিক স্পট। কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে গাদিয়ারা।হুগলী নদী আর দামোদর নদীর সংযোগস্থলে এই পিকনিক স্পটে ছবি তোলার জায়গার অভাব নেই। যেদিকে তাকাবেন সেদিকই যেন ছবির মতো সুন্দর।
৬) চুঁচুড়া
হাওড়া থেকে ট্রেনে বা জলপথে যেতে পারেন হুগলী নদীর তীরের এই মফঃস্বল শহরে। নানা ধরনের পার্ক, বাগান থেকে শুরু করে নদীর পার সবকিছুই রয়েছে এখানে। নিজের পছন্দের পিকনিক স্পট বেছে নিন আর কাটিয়ে আসুন একটা মনোরম দিন। চুঁচুড়ার কিছু জনপ্রিয় পিকনিক স্পট হল, চুঁচুড়া স্র্যান্ড, চুঁচুড়া কুঠি বাড়ি, ডাচ গার্ডেন। এছাড়া ঘুরে দেখতে পারেন এখানকার বিভিন্ন ঐতিহাসিক জায়গা। ডাচ সেমেট্রি, ব্যান্ডেল চার্চ, হুগলী ইমামবাড়া, পর্তুগীজ চার্চ সহ আরও অনেক কিছু।
৭) মাছরাঙ্গা দ্বীপ
যেদিকে চোখ যাবে সেদিকে শুধু জল আর জল। মাঝে রয়েছে ঘন জঙ্গল আর বিভিন্ন পাখিদের আনাগোনা। হাসনাবাদ বা টাকি থেকে নৌকা করে যেতে হবে মাছরাঙ্গা দ্বীপে। পশ্চিমবঙ্গের বুকে এমন সুন্দর বিচে বসে পিকনিক করা গেলে কিন্তু মন্দ হবে না। কলকাতা ঠেলে ১১৩ কিলোমিটার দূরে এই দ্বীপের কথা এখনও অনেকের অজানা। ভিড় হওয়ার আগেই চলে যান মাছরাঙ্গা দ্বীপে আর হেঁটে বেড়ান প্রকৃতির মাঝে।