
শেষ আপডেট: 4 February 2024 19:09
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এক বা দুই নয়, ৬৪টি ব্যাগে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ কচ্ছপ। তবে বনদফতরে কড়া নজর এড়াতে পারল না পাচারকারীরা। সীমান্ত পেরনোর আগেই ধরা পড়ে গেল তারা।
বনদফতর জানিয়েছেন, গোপন সূত্রে তারা খবর পেয়েছিল, যে এই মরশুমে কচ্ছপের সবচেয়ে বড় চোরা চালান হতে চলেছে। তাই আগাম সতর্কতা নিয়েছিল তারা। সেই মতো এসপি বন সুরক্ষা অজিত সিং যাদব, আইপিএস ও ডিএফও এন ২৪ পিজিএনএস রাজু সরকার এবং বনকর্মীদের নিয়ে একটি টিম গঠন করা হয়। সেই টিম বনগাঁ গোপালনগর থানা এলাকায় অভিযান চালায়। সেখানে দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
বনদফতর জানিয়েছেন, এই দুজনের কাছ থেকে তাঁরা ৬৪টি ব্যাগ বাজেয়াপ্ত করে। সেই ব্যাগে তল্লাশি চালিয়েছে তাঁরা প্রায় ১৪৫০টি আইএসএস প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে।
জেরায় এই দুই ব্যক্তি স্বীকার করেছে, যে এই বিপুল পরিমাণ কচ্ছপ তারা বাইরে থেকে নিয়ে এসে সীমান্তবর্তী এলাকা সহ বাংলাদেশে পাচার করছিল।
বনআধিকারিকরা জানিয়েছেন, প্রায় দুঘণ্টা ধরে তাঁরা এই তল্লাশি অভিযান চালায়। সাম্প্রতিককালে সবচেয়ে বড় কচ্ছপ ধরার ঘটনা এটি। কচ্ছপগুলি অন্ধ্রপ্রদেশ থেকে আনা হয়েছিল।