দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাত তখন ১১টা। হেঁটেই বাড়ির পথ ধরেছিলেন শ্রমিকরা। বিহার থেকে গন্তব্য ছিল পঞ্জাব। কিন্তু ফেরা আর হল না। রাস্তার মাঝেই পিষে দিয়ে গেল বাস। ঘটনাস্থলেই মৃত্যু ছয় শ্রমিকের। গুরুতর জখম আরও দুই।
মুজফফরপুর জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটেছে গতকাল রাতে। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশ সরকারের একটি বাস পিষে দিয়ে যায় ঘর ফিরতি শ্রমিকদের। বাসটি সেই সময় ফাঁকাই ছিল। মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। তাই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।
ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করছে পুলিশ। পৌঁছেছেন প্রশাসনের আধিকারিকরাও। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দেশের নানা প্রান্তে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন ঘর ফিরতি শ্রমিকরা। কখনও হাইওয়ের ধারে ভাত খেতে বসা শ্রমিককে পিষে দিচ্ছে বাস, কখনও রেললাইনের উপরে ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়া শ্রমিকদের উপর দিয়ে চলে যাচ্ছে ট্রেনের চাকা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ১৭ জন অভিবাসী শ্রমিককে পিষে মেরে ফেলে এক মালগাড়ি। ওই শ্রমিকরা পায়ে হেঁটে মহারাষ্ট্রে তাঁদের কর্মস্থল থেকে হাজার হাজার মাইল দূরে মধ্যপ্রদেশে তাঁদের বাসস্থানে ফিরছিলেন। তাঁরা এতটাই ক্লান্ত ছিলেন যে, রেললাইনের উপরেই রাত কাটাতে শুয়েছিলেন এবং ট্রেনের আওয়াজও শুনতে পাননি।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই, মধ্যপ্রদেশের নরসিংহপুরে ট্রাক উল্টে মারা যান পাঁচ শ্রমিক। ঘটনা ঘটে সোমবার। মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশের জৌনপুর পর্যন্ত রাস্তা অটোয় চড়ে বাড়ি ফিরছিলেন এক দল শ্রমিক। সেই দলটিতে ছিলেন এক মহিলা ও তাঁর মেয়ে। বাড়ির কাছাকাছি এসেই দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় উল্টে যায় অটো, দুর্ঘটনায় মৃত্যু হয় মা ও মেয়ের।