
শেষ আপডেট: 27 October 2023 12:45
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দূর্নীতি মামলায় গত বছর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যা্য়কে গ্রেফতারের পর শান্তিনিকেতনে তাঁর বিলাসবহুল বাগান বাড়ির হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা। এবার ইডির নজরে সদ্য গ্রেফতার হওয়া রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিপুল সম্পত্তি।
ইডি সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের মতো শান্তিনিকেতনের রতনপল্লীতে বিলাসবহুল বাগান বাড়ি রয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয়রও। যার বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা।
ইতিমধ্যে তদন্তে নেমে ইডির কর্তারা জানতে পেরেছেন, ২০১৭ সালে প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে মেয়ে প্রিয়দর্শীনী মল্লিকের নামে বাড়িটি কিনেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। সেই সময় বীরভূমে সক্রিয় ছিলেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রতর মাধ্যমেই জ্যোতিপ্রিয় এই বিলাবসবহুল বাগান বাড়ি কিনে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
রেশন দুর্নীতি মামলায় সম্প্রতি বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। সেই সূত্রেই বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় সল্টলেকে মন্ত্রী জ্যোতিপ্রিয়র দুটি বাড়িতে হানা দেন তদন্তকারীরা। প্রায় ২১ ঘন্টা ম্যারাথন জেরার পর গভীর রাতে মন্ত্রীকে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান তদন্তকারীরা। শুক্রবার ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।
জ্যোতিপ্রিয় গ্রেফতারের পরই শুক্রবার সকালে মন্ত্রীর শান্তিনিকেতনের বিলাসবহুল বাড়ির খবর সামনে আসে। জানা গেছে, ২০১৭ সালে দেড় কোটি টাকায় বাড়ি কেনার পর তা সংস্কারে আরও প্রা্য় কোটি টাকা খরচ করেছিলেন মন্ত্রী। বাড়িতে এই মুহূর্তে রয়েছেন শুধুমাত্র কেয়ার টেকার। তবে গেট ভিতর থেকে তালা বন্ধ। সংবাদ মাধ্যমের সামনে আসেননি ওই কেয়ার টেকার।