
শেষ আপডেট: 16 February 2024 19:15
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনার: সরস্বতী পুজোর ভোগ খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৫০ জন পড়ুয়া। বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের মধ্য চৈতলের ঘটনা।
ওই এলাকার একটি স্কুলে সরস্বতী পুজো হয়েছিল। ওই দিন বিকেলে খাওয়া-দাওয়ার আয়োজন ছিল স্কুলে। ভোগে লুচি-আলুর দম খাওয়ানো হয়। সেই খাবার খেয়ে বাড়ি ফেরে পড়ুয়ারা। তারপর থেকেই বেশ কয়েকজনের বমি, পেট খারাপ হতে শুরু করে। কারও আবার জ্বরও চলে আসে। এই সমস্ত উপসর্গ নিয়ে অসুস্থ পড়ুয়াদের মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। গত দুদিনে অসুস্থ পড়ুয়ার সংখ্যা বাড়তে থাকে।
গ্রামবাসীদের অভিযোগ, যারা যারা ওই স্কুল থেকে দেওয়া ভোগের লুচি-আলুর দম বা প্রসাদ খেয়েছিল তারাই অসুস্থ হয়ে পড়ছে। খবর পেয়ে এলাকায় মেডিকেল টিম যায়। তাঁরাই ক্যাম্প করে চিকিৎসা ব্যবস্থা করে। গুরুতর অসুস্থরা মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি।
মিনাখাঁ মেডিকেল অফিসার শুভ বাগচি বলেন, "ভয়ের পাওয়ার কোনও কারণ নেই। আমরা গ্রামে মেডিকেল ক্যাম্প করেছি, প্রসাদ-ভোগ খেয়ে ডায়রিয়া হয়েছে শিশুদের। দ্রুত তারা সুস্থ হয়ে উঠবে।"