দ্য ওয়াল ব্যুরো: ধূ ধূ বালি। আর কিছু নেই চারিদিকে। মাঝে মাঝে কেবল দেখা যায় কিছু উট। মরুভূমির এমন ছবিই আমরা দেখেছি বরাবর। তবে এবার ছবিটা অন্য। বালির মাঝে পড়ে থাকতে দেখা গেল দুটি দেহ।
মরুভূমির উপর দিয়ে হেঁটে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন এক বৃদ্ধা। সঙ্গে ছিল ৫ বছরের নাতনি। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পথ, বালির প্রান্তরে রাস্তা যেন শেষ হতে চাইছিল না কিছুতেই। তার উপর সূর্যের তাপ, কাঠফাটা রোদ, চারিদিক শুকনো। এত ধকল সয়নি। জল তেষ্টায় কাতর হয়ে বালির উপরেই পড়ে যান দুজন।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের জালোর জেলার রাণিওয়াদা এলাকায়। শুকনো বালির মাঝে জল খেতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে বছর পাঁচেকের সেই ছোটো মেয়েটি। আর তার দিদা, অজ্ঞান হয়ে পড়েছিলেন তার ঠিক পাশেই।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বালির মাঝে প্রচণ্ড গরমে হিট স্ট্রোক হয়ে গিয়েছিল ওই দুজনের। তাঁরা জ্ঞান হারিয়ে পড়েছিলেন। বাচ্চাটি আর বাঁচেনি। দীর্ঘক্ষণ ওভাবে পড়ে থাকার পর স্থানীয় এক যুবক তাঁদের দেখতে পায়। তারপর সেই খবর দেয় বাকিদের।
স্থানীয় পুলিশের বক্তব্য, "ওই মহিলা আর তাঁর নাতনির কাছে জল ছিল না। এটাই মৃত্যুর কারণ।"
বৃদ্ধা মহিলা আপাতত স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে নাতনিকে নিয়ে একাই থাকতেন তিনি। ১০ কিলোমিটার পথ পেরিয়ে বোনের বাড়ি যাচ্ছিলেন ওই মহিলা। রোজগারের কোনও নির্দিষ্ট পথ ছিল না তাঁদের। স্থানীয়রা জানিয়েছেন মাঝে মধ্যেই ভিক্ষা করতেন দুজন মিলে। বাকি সময় প্রতিবেশীদের সাহায্যেই দিন কাটত। এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।