
শেষ আপডেট: 21 June 2019 03:12
কুলুর বানজার এলাকায় পাহাড়ি পথে চলার সময়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা শুরু করেন উদ্ধার কাজ। পৌঁছয় অ্যাম্বুল্যান্স, চিকিৎসক-দলও। জোর কদমে চলছে উদ্ধারকাজ। স্থানীয় সূত্রের খবর, ৭০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি হিমাচলপ্রদেশের বানজার থেকে গাড়াগুসানি যাচ্ছিল। সে সময়ই প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি।
কুলুর পুলিশ দফতরের প্রধান শালিনী অগ্নিহোত্রী জানিয়েছেন, প্রশাসনের তরফ থেকে জোর কদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্ঘটনা ঘটার পরে মৃতের সংখ্যা ২৫ হলেও, রাত পোহাতেই তা বেড়ে হয়েছে ৪৪। জখম অনেকেই মারা গিয়েছেন হাসপাতালে।
পুলিশের একটি তদন্তকারী দলের অনুমান, বাসটি সম্ভবত অত্যন্ত দ্রুতগতিতে চালানো হচ্ছিল এবং পরিবহণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নিয়ে যাওয়ায় ওই দুর্ঘটনা ঘটে যায় বলে প্রাথমিক অনুমান। ঘটনার পরে দেখা যায়, বাসটি একেবারে খাদের নীচে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে।
আহতদের বানজার সিভিল হাসপাতাল ও কুলুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
https://twitter.com/PMOIndia/status/1141720173440901120
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃত ও আহতদের মধ্যে বেশির ভাগ মানুষই স্থানীয় বাসিন্দা। প্রত্যেক দুর্ঘটনাগরস্ত পরিবার পিছু ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে এই প্রথম নয়। হিমাচলের পাহাড়ে রাস্তায় এর আগেও বহু বার ঘটেছে এমন মর্মান্তিক দুর্ঘটনা।