
শেষ আপডেট: 14 December 2023 20:00
দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার তাহেরপুরে ব্যবসায়ীকে ঘরে ঢুকে গুলি করে খুনের ঘটনায় মহিলা মাস্টার মাইন্ডকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনার তদন্তে নেমে ওই মহিলা সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের নাম- রাসমণি বিশ্বাস, মহিলার স্বামী দেবব্রত বিশ্বাস, সৌরভ মজুমদার এবং হৃদয় মণ্ডল। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার জানান, খুনের কারণ টাকা লেনদেন নিয়েই। মাস্টারমাইন্ড হিসাবে ধৃত মহিলা রাসমণি বিশ্বাসের নাম উঠে এসেছে।
গত ৮ ডিসেম্বর নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা ভাদুড়ি এলাকায় বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয়েছিল ব্যবসায়ী রাজা ভৌমিককে। তিনি একটি বেসরকারি সংস্থায় নেটওয়ার্কের কাজও করতেন। পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় দুষ্কৃতীরা রাজার নাম ধরে ডাকে এবং ঘরে ঢুকে তাঁকে কাছ থেকে পর পর দুটি গুলি করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাজাকে বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
তদন্তে নেমে সম্প্রতি রাজস্থান থেকে দেবব্রত বিশ্বাস এবং নবী মুম্বই থেকে হৃদয় মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ, দেবব্রতর স্ত্রী রাসমণি এবং সৌরভ মজুমদারের নাম জানতে পারে।
পুলিশের জেরায় রাসমণির স্বামী দেবব্রত বিশ্বাস দাবি করেছেন, ওই ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে ৪ লাখ টাকা ঋণ নিয়েছিলেন তারা। অল্প কিছুদিনের মধ্যেই সুদ আসল বেড়ে দাঁড়ায় ২০ লাখ।
পুলিশ জানিয়েছে, জেরায় দেবব্রতর দাবি ঋণের টাকা নিয়ে ব্যবসায়ীকে বহুবার অনুরোধ করেও লাভ না হওয়ায় তারা খুনের পরিকল্পনা করেন। এবং এই খুনের পরিকল্পনা করেছিলেন তার স্ত্রী রাসমণি।