হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অধিকাংশই হিট এক্সহস্টশন ও পানিশূন্যতাজনিত সমস্যায় ভুগছিলেন।

শেষ আপডেট: 15 August 2025 17:46
দ্য ওয়াল ব্যুরো: ৭৯ তম স্বাধীনতা দিবসের (Independence Day Parade) সকালে রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ চলাকালীন (Red Road ) হঠাৎই অসুস্থ হয়ে পড়ে একের পর এক স্কুল পড়ুয়া। তাদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার তা নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা।
বিকেলে এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরাসরি রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন। অভিযোগ, “তথ্য-সংস্কৃতি দফতর সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। মুখ্যমন্ত্রী (Chief Minister Mamata Banerjee) এবং সরকারি কর্তারা নিজে ছায়া-ঢাকা শেডের নীচে বসে থেকেছেন, আর স্কুলের বাচ্চাদের ঘণ্টার পর ঘণ্টা রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে।”
শুভেন্দুর দাবি, অসুস্থতার কারণ হিসেবে মুখ্যমন্ত্রীর মন্তব্য আরও অমানবিক। বিরোধী দলনেতা বলেন, “নিজেদের গাফিলতি ঢাকতে মুখ্যমন্ত্রী বলেছেন, 'ওরা নাকি ডায়েটিংয়ের জন্য সকালে খায়নি, একজন অসুস্থ হওয়ায় বাকিরাও অসুস্থ হয়েছে'—এমন মন্তব্য অভিভাবকসুলভ নয়।”
বিরোধী দলনেতা দুটি ভিডিও দেখিয়ে দাবি করেন, সোমবার এবং বুধবার টানা রিহার্সাল হয়েছিল। সোমবারই চারজন পড়ুয়া অসুস্থ হয়েছিলেন। “তখনই প্রশাসনের সতর্ক হওয়া উচিত ছিল। তা না করে জেলার স্কুল থেকে বাচ্চাদের এনে কষ্ট দেওয়া হয়েছে,” অভিযোগ তাঁর। পাশাপাশি প্রশ্ন, কেন কলেজ-ইউনিভার্সিটির পড়ুয়াদের না ডেকে স্কুলের ছাত্রছাত্রীদের আনা হল প্যারেডে?
অসুস্থতার খবর পেয়ে বেলাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে যান। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ ছাত্রছাত্রীদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অধিকাংশই হিট এক্সহস্টশন ও পানিশূন্যতাজনিত সমস্যায় ভুগছিলেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে এদিন সাজানো হয়েছিল রাজ্যের অন্যতম বড় সরকারি অনুষ্ঠান। পুলিশ বাহিনী, এনসিসি ক্যাডেট, এবং বহু স্কুলের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজে অংশ নেন। তবে তীব্র রোদের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার চাপেই পড়ুয়াদের একের পর এক অসুস্থ হয়ে পড়েন বলে স্বাস্থ্য দফতরের প্রাথমিক অনুমান।
প্রশাসনের তরফে দাবি, চিকিৎসা ও হাসপাতালে ভর্তি—সব কিছুই দ্রুততার সঙ্গে হয়েছে, ফলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। যদিও বিরোধীদের প্রশ্ন, যদি আগে সতর্কতা নেওয়া হত, তা হলে এই বিপত্তি হয়তো এড়ানো যেত।