এত সস্তা! ৩২ ইঞ্চি এলইডি টিভি বানাল দিল্লির সংস্থা, দাম মাত্র পাঁচ হাজার টাকা
দ্য ওয়াল ব্যুরো: দেশের সব চেয়ে সস্তা টেলিভিশন সেট বানিয়ে ফেলার কথা ঘোষণা করল দিল্লির একটি প্রযুক্তি সংস্থা। স্যামি ইনফরম্যাটিক্স নামের ওই সংস্থা জানায়, বুধবারই তাদের বানানো ৩২ ইঞ্চির একটি এলইডি টিভি এসেছে বাজারে। যার দাম মাত্র চার হাজার ৯৯৯
শেষ আপডেট: 1 February 2019 12:59
দ্য ওয়াল ব্যুরো: দেশের সব চেয়ে সস্তা টেলিভিশন সেট বানিয়ে ফেলার কথা ঘোষণা করল দিল্লির একটি প্রযুক্তি সংস্থা। স্যামি ইনফরম্যাটিক্স নামের ওই সংস্থা জানায়, বুধবারই তাদের বানানো ৩২ ইঞ্চির একটি এলইডি টিভি এসেছে বাজারে। যার দাম মাত্র চার হাজার ৯৯৯ টাকা। জিএসটি অতিরিক্ত।
ওই সংস্থার দাবি, এই অ্যানড্রয়েড টিভিটি এই মুহূর্তে দেশের সব চেয়ে সস্তা টিভি। SM32-K5500 মডেলের এইচডি এলইডি টিভিটি সমস্ত আধুনিক অ্যাপের সঙ্গে সংযোগ করা যাবে বলে জানিয়েছে তারা। ১৩৬৬×৭৮৬ পিক্সেল ডিসপ্লে ও ১৬:৯ মাপের পর্দার টিভিটিতে দু'টি ১০ ওয়াটের স্পিকার রয়েছে। ভাল সাউন্ডের জন্য রয়েছে ডলবি ডিজিটাল এবং ফাইভ ব্যান্ড ইকুয়ালাইজ়ার। নির্মাতা সংস্থার আরও দাবি, এই টিভির প্রতিটি ছোট-বড় পার্ট ও যন্ত্র এই দেশেই তৈরি হয়েছে। বিদেশি কোনও যন্ত্র নেই এতে। এই যন্ত্র তৈরির পর্যায়ে অন্তত ২০০ লোকের কর্ম সংস্থান হয়েছে বলেও জানায় তারা।
সংস্থার ডিরেক্টর অবিনাশ মেহতা বলেন, "আমরা সাধারণ মানুষের সাশ্রয়ের কথা চিন্তা করেই এই টিভি বানিয়েছি। সব ঠিক থাকলে এই টিভির অনেক বড় সম্ভাবনা রয়েছে। অনেক সাধারণ মানুষই চান বাড়িতে বড় এলইডি টিভি আনতে। টাকার জন্য পারেন না। এবার তাঁরা নিশ্চয়ই টিভি কিনতে পারবেন। গ্রাম ও মফস্সলের দিকেই বেশি বাজার ধরার আশা রাখছি আমরা। আমাদের লক্ষ, দেশের মানুষের হাতে বানানো টিভি পৌঁছবে দেশের মানুষের ঘরে-ঘরে।"
৫১২ মেগাবাইট র্যাম ও চার গিগাবাইট স্টোরেজের এই টিভিতে আগে থেকেই ইনস্টল ও কনফিগার করা থাকবে ফেসবুক বা ইউটিউবের মতো কিছু অ্যাপ। গুগল প্লে থেকে অন্যান্য ভিডিও বা অডিও অ্যাপও টিভিতে ইনস্টল করে চালাতে পারবেন গ্রাহক। এতে দু'টি এইচডিএমআই এবং দু'টি ইউএসবি পোর্ট রয়েছে। রয়েছে একটি অডিও-ভিডিও আউটপুট এবং ইনপুট।
তবে এই টিভি কেনার একটি শর্ত হল, এটা প্রাথমিক ভাবে কেবল মাত্র অনলাইনেই পাওয়া যাবে। এবং সেটাও অর্ডার করা যাবে কেবল 'স্যামি' অ্যাপ থেকেই। অর্ডার করার পরে টিভিটির দাম ৪,৯৯৯ হলেও, সারা দেশের যে কোনও জায়গায় ডেলিভারির জন্য দিতে হবে ১৮০০ টাকা। সেই সঙ্গে ১৮% জিএসটি চার্জও পড়বে। ফলে সব মিলিয়ে এই টিভিটির দাম দাঁড়াবে আট হাজার টাকা মতো।