রবিবার সন্ধে সাতটা নাগাদ প্রচণ্ড বৃষ্টির সময় পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে সেনা ছাউনির উপর। ধসের নীচে চাপা পড়ে যান ছাউনিতে থাকা অনেকেই।

ধসে বিপর্যস্ত সেনা ছাউনি
শেষ আপডেট: 2 June 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: সিকিমে প্রবল ধস আছড়ে পড়ল সেনা ছাউনির উপর। লাচেনের চাতেনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তিন সেনাকর্মীর। সেনা হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন। বেশ কয়েকজন এখনও নিখোঁজ বলে জানা গেছে।
সেনাসূত্রে জানানো হয়েছে মৃতদের নাম হাবিলদার লখিন্দর সিং, ল্যান্স নায়েক মণীশ ঠাকুর ও মালবাহক অভিষেক লাকড়া। গত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণ চলছে সিকিমে। ফুঁসে উঠেছে তিস্তা। ধসে বিপর্যস্ত সিকিমের একাধিক এলাকা। রবিবার সন্ধে সাতটা নাগাদ প্রচণ্ড বৃষ্টির সময় পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে সেনা ছাউনির উপর। ধসের নীচে চাপা পড়ে যান ছাউনিতে থাকা অনেকেই।
এমারজেন্সি রেসপন্স টিমের সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। তাঁরাই ধস সরিয়ে সাতজনকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি চারজনের চিকিৎসা চলছে সেনা হাসপাতালে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এখনও ৬ জন নিখোঁজ বলে জানা গেছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও ভারতীয় সেনা উদ্ধার কাজ চালাচ্ছে। গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর সিকিম। ধসে অবরুদ্ধ একাধিক রাস্তা। আটকে পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। খাবার ও পানীয় জলেরও সঙ্কট চলছে।