দ্য ওয়াল ব্যুরো: কেরালায় ভয়াবহ দুর্ঘটনা। একটি ভেসেলের সঙ্গে ধাক্কা লাগে জেলেদের একটি নৌকার। মৃত্যু হয়েছে ৩ জন মৎস্যজীবীর। এখনও নিখোঁজ রয়েছেন ৮ জন। জানা গিয়েছে, ভেসেলের সঙ্গে ধাক্কা লাগার ফলে জেলেদের নৌকাটি কার্যত ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে।
সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ কোচি উপকূলে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ওই নৌকায় ছিলেন ১৫ জন মৎস্যজীবী। কেরালার মৎস্যমন্ত্রী জে মার্সিকুট্টি আম্মা জানিয়েছেন, নিখোঁজ ৮ জন মৎস্যজীবীর সন্ধানে নেমেছে ভারতীয় নৌসেনা। সমুদ্রের উপর হেলিকপ্টারের সাহায্যে চালানো হচ্ছে সার্চ অপারেশন। উদ্ধারকাজে নামানো হয়েছে একটি ডর্নিয়ার বিমানও। যে ভেসেলটির সঙ্গে ধাক্কা লেগেছিল সেটিরও খোঁজ চালাচ্ছে ভারতীয় নৌবাহিনী।