দ্য ওয়াল ব্যুরো: করফাঁকি দেওয়ার অভিযোগ উঠল তামিল সুপারস্টার মহেশবাবুর বিরুদ্ধে। ২০০৭-০৮ অর্থবর্ষে আয়কর না দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার অভিনেতার দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে হায়দরাবাদ জিএসটি কমিশনারেট।
সূত্রের খবর, ২০০৫ সাল থেকে বেশ কয়েকটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। সেখান থেকে আয়ের টাকা পুরোটাই জমা পড়েছে তাঁর অ্যাকাউন্টে। অভিযোগ, সেই টাকা থেকে কোনও আয়কর দেননি মহেশবাবু।
জিএসটি কমিশনারেটের রিপোর্ট অনুযায়ী, অভিনেতার ১৮.৫ লক্ষ টাকা আয়কর বাকি রয়েছে৷ অ্যাক্সিস ও আইসিআইসিআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট মিলিয়ে সুদ ও জরিমানা-সহ মোট অঙ্কটা প্রায় ৭৪ লক্ষ টাকা৷
কমিশনারেটের এক শীর্ষ আধিকারিকের কথায়, ‘‘আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় নথিপত্র জোগাড় করে তদন্ত শুরু করেছি। অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে ৪২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ককে আগামিকালের মধ্যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। না হলে ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’
এর আগে তেলঙ্গানার আরও এক অভিনেতা নন্দামুরি তারকা রামা রাওয়ের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে।