দ্য ওয়াল ব্যুরো: ফের ভূমিকম্প। এ বার কেঁপে উঠল অসম। কম্পন ছড়াল উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও।
সেই কম্পনের রেশ ছড়িয়েছে বাংলাতেও। মঙ্গলবার সকালে মৃদু কম্পন অনুভূত হয়েছে কোচবিহারে।
আবহবিদরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে পর পর দু’বার কম্পন অনুভূত হয়। প্রথমবার সকাল ৯টা ১৭ মিনিটে। দ্বিতীয় কম্পনটা হয় ৯টা ২১ মিনিটে। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৭।
ভূমিকম্পে কেঁপে ওঠে গুয়াহাটি-সহ অসমের বিভিন্ন অংশ। রেশ ছড়ায় মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুরেও। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
চলতি মাসের প্রথমেই ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা উত্তরবঙ্গ। কম্পনের কেন্দ্রস্থল ছিল অসমের কোকরাঝাড়। কম্পনের আঁচ এসে পড়ে কলকাতাতেও। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৫। মহানগরীর পাশাপাশি কম্পনের রেশ ছড়িয়েছিল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, শিলিগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ার থেকে মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমেও।