
ফাইল ছবি।
শেষ আপডেট: 21 April 2024 11:33
দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় ফেলে তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনার জেরে শনিবার গভীর রাতে তীব্র উত্তেজনা তৈরি হয় উত্তর ২৪ পরগনার আমডাঙায়। প্রতিবাদে আক্রান্ত তৃণমূল নেতা, আমডাঙা ব্লকে তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডলের অনুগামীরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।
সূত্রের খবর, পার্থর আশ্বাসেও অবরোধ তুলতে রাজি হননি আক্রান্ত তৃণমূল নেতার অনুগামীরা। পরে হাসপাতাল থেকে হাতে প্লাস্টার বাঁধা অবস্থায় ঘটনাস্থলে পৌঁছন মোস্তাক আহমেদ। তাঁর অনুরোধে অবরোধ তোলেন অনুগামীরা। রবিবারও ঘটনার রেশ রয়েছে এলাকায়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন আক্রান্ত তৃণমূল নেতার অনুগামীরা।
আক্রান্ত তৃণমূল নেতা মোস্তাক আহমেদ বলেন, "দলের এক কর্মীকে পুলিশ অকারণে মারধর করছে দেখে এগিয়ে গিয়েছিলাম। তখন আমাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। হাত ভেঙে গেছে। পুলিশ অবশ্য জানিয়েছে, এক বাইক চালককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হওয়ায় লাঠিচার্জ করা হয়েছে।"
ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্জুনেরর দাবি, "এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দল ছাড়া কিছু নয়। কারণ, তৃণমূলের কারও অনুমতি না থাকলে পুলিশ শাসকদলের কোনও নেতার গায়ে হাত দেবে? ঘটনার নেপথ্যে নিশ্চয়ই পার্থর হাত রয়েছে।"
এ ব্যাপারে পার্থ ভৌমিক অবশ্য কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।