
পতাকা বিতর্কে অর্জুন
শেষ আপডেট: 7 April 2025 13:27
দ্য ওয়াল ব্য়ুরো, উত্তর ২৪ পরগনা: রাজপুত রাজারা ইজরায়েলকে রক্ষার জন্য তলোয়ারও ধরেছিলেন বলে মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। রামনবমীতে ইজরায়েলের পতাকা নিয়ে মিছিল করে বিতর্কে জড়িয়েছেন অর্জুন সিং। এই কাজে কোনও অন্যায় নেই বলেই সোমবার দাবি করেন তিনি। মনে করিয়ে দেন ভারত-ইজরায়েলের পুরনো সম্পর্কের কথা। তিনি বলেন,"সনাতনীরা যাদের ভয়ে দমে আছে তারাই আমাদের বন্ধু। আমরা বন্ধু বন্ধু মিলে লড়াই করব।"
রবিবার রামনবমী উপলক্ষে সারা রাজ্যের মতো ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া ও জগদ্দলেও বের হয়েছিল মিছিল। অর্জুন সিং থেকে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সকলেই সেই মিছিলে অংশ নেন। অস্ত্র নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা থাকলেও এখানে অস্ত্র নিয়ে মিছিল হয়েছে বলে অভিযোগ। এদিন এই মিছিলে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে ইজরায়েলের পতাকা হাতেও দেখা যায়। বেশ কয়েকজন যুবককের হাতেও দেখা যায় ওই পতাকা। আর সেই নিয়ে শুরু হয় বিতর্ক।
সেই বিতর্কে সোমবার মুখ খুললেন অর্জুন। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, "মহরমে প্যালেস্টাইনের ঝান্ডা নিয়ে মিছিল হতে পারলে আমি কেন ইজরায়েলের ঝান্ডা নেব না? ইজরায়েল সনাতনী ভারতীয়দের বন্ধু। ওরা হিন্দু ভক্ত লোক, ওদের সমর্থন করব। পুলিশের সমস্যা হয়েছে, কারণ ওরা দল দাস।'
ভারতের সঙ্গে ইজরায়েলের পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেন, "তোপ-বন্দুক হওয়ার আগে রাজপুত রাজারা ইজরায়েলকে রক্ষার জন্য তলোয়ারও ধরেছিলেন। এমন বন্ধুত্বের সম্পর্ক যে দেশের সঙ্গে তাদের পতাকাও ধরা যায়।"