
জয়নগরে রেশন দোকানে লুঠ- গ্রাফিক্স
শেষ আপডেট: 17 July 2024 12:56
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নকল সোনার কারবারি সাদ্দাম হোসেনকে খুঁজতে এখন কুলতলিতে যখন তল্লাশি চলছে, তখন জয়নগরে লুঠপাট হল রেশন দোকান। শাটার ভেঙে মজুক চাল-কেরোসিন তেল লুঠ করল দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জয়নগর থানার দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েতের নুরুল্লাপুর গ্রামে। ১ নম্বর রাজ্য সড়কের পাশেই রয়েছে সেই রেশন দোকান। সেখান থেকে প্রায় ৪০০ লিটার কেরোসিন তেল ও ৭০ বস্তা চাল লুঠ হয়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই রেশন দোকান স্থানীয় বাসিন্দা ইয়াকুব সর্দারের। তাঁরা সকালে দেখতে পান ইয়াকুবের দোকানের শাটার ভাঙা রয়েছে। দোকানে মজুত রাখা চাল, কেরোসিন উধাও হয়ে গেছে। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সরকারি চাল কেরোসিন কীভাবে লুঠ করা হল, এই নিয়ে তদন্ত শুরু করেছে তারা। দোষীদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেফতার করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “সকালবেলায় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়ে দেখি দোকানেক শাটার ভাঙা। প্রচুর চাল ও কেরোসিন তেল লুট হয়েছে। খবর দেওয়া হয়েছিল পুলিশে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।”