
নারায়ণ গোস্বামী
শেষ আপডেট: 18 September 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো, বনগাঁ: টানা বৃষ্টিতে জলমগ্ন বনগাঁ মহকুমার একাধিক জায়গা। প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। এক হাঁটু জলে নেমে এলাকাবাসীর সঙ্গে কথা বললেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন গাইঘাটার বিডিও, ওই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি।
কয়েকদিনের বৃষ্টিতে জল জমেছে সুটিয়া গ্রাম পঞ্চায়েতে বলদেঘাটা ব্রিজ এলাকায়। বহু বাড়ি এখন জলের তলায়। বাসিন্দাদের জন্য রামনগর গ্রাম পঞ্চায়েতের পুরন্দরপুর ইএফপি স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে বেশ কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে।
তৃণমূলের জেলা সভাপতিকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা। ত্রাণ শিবিরের একাধিক অব্যবস্থার কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, তিনদিন ধরে পরিবার নিয়ে তাঁরা শিবিরে রয়েছেন। অথচ খাবার-দাওয়ারের ব্যবস্থা নেই। নিজে সঙ্গে থাকা শুষ্ক খাবার খেয়ে সেখানে থাকছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর এই সময়ে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। তিন মাস ধরে এমন জলমগ্ন পরিস্থিতিতেই এলাকায় বসবাস করতে হয়। খাল সংস্কার হয় না। তাই নিকাশি ব্যবস্থাও ঠিক নয়। ভারী বৃষ্টি হলেই এলাকায় জল জমে।
বাসিন্দাদের দাবি, এলাকার সমস্ত বাড়ি এখন জলের তলায়। জেলা সভাপতি আশ্রয় কেন্দ্র যেতে বলেছেন। কিন্তু ঘরবাড়ি ছেড়ে সেখানে গিয়ে আশ্রয় নেওয়া সম্ভব নয়। কারণ চোরের উপদ্রব। এমন পরিস্থিতিতে এলাকায় চুরি হয়ে গেছে। আশ্রয় কেন্দ্র গেলে এমনই হবে।
বিষয়টি নিয়ে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, "মুখ্যমন্ত্রী আমাকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশেই গাইঘাটায় বিভিন্ন এলাকা পরিদর্শন করলাম। এলাকার মানুষ খাল সংস্কার ও ত্রিপলের দাবি জানিয়েছেন। দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা করছি। জলমগ্ন এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হবে।"