
ভূত ছাড়ার নাম করে ১৫ বছরের ছেলে মার
শেষ আপডেট: 26 September 2024 14:42
দ্য ওয়াল ব্য়ুরো, উত্তর ২৪ পরগনা: মাছ ধরে গিয়ে পড়ে মাথায় আঘাত লেগেছিল ১৫ বছরের ছেলে। তাই ভুল বকছিল। হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তারদের পরামর্শ মানেনি পরিবার। তাই কলকাতার হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার দ্বারস্থ হন তাঁরা। ভূত ছাড়ানোর নাম করে গাছের ডাল দিয়ে ব্য়াপক মারধর করা অভিযোগ উঠল ওঝার বিরুদ্ধে। এমন ঘটনা ঘটেছে গোপালনগর মামুদপুর এলাকায়। যুক্তিবাদী মঞ্চের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার কথা জানতে পেরে ওই নাবালককে উদ্ধার করে। ওঝার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ওই নাবালকের নাম উৎপল সরদার। কয়েকদিন আগে সে মাছ ধরতে গিয়ে পড়ে যায়। মাথায় আঘাত লাগে।এরপর থেকে সে ভুল বকছিল। মঙ্গলবার রাতে পরিবারের লোকেরা তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে কলকাতা রেফার করে। এরপর পরিবারের লোকজন কলকাতা হাসপাতালে না নিয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। মামুদপুরে অভিযুক্ত ওঝার কাছে নিয়ে যায়। অভিযোগ, তারপরেই ওই ওঝা ভূতে ধরেছে বলে লাঠি দিয়ে বেধড়ক পেটায় ১৫ বছরের উৎপলকে। এই খবর পেয়ে যুক্তিবাদী মঞ্চের লোকজন নহাটা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ যুবককে উদ্ধার করে নিয়ে আসে। সেখানে থেকে ওই ওঝাকেও গ্রেফতার করা হয়।
অভিযুক্তের দাবি, "ছেলেটাকে ভূতে ধরেছিল তাই ওকে ঝারিয়ে ঠিক করছিলাম। আগেও অনেক মানুষকে ভূতে ধরেছিল আমি এভাবেই তাদের ঝাড়িয়ে ভূত তাড়িয়ে দিয়েছি।" ওই নাবালকের আত্মীয়দের এদিন বাড়ি পাওয়া যায়নি।ছেলেকে নিয়ে বেপত্তা হয়েছেন তাঁরা |
যুক্তিবাদী মঞ্চের সম্পাদক প্রদীপ সরকার বলেন, 'মঙ্গলবার রাতের মামুদপুর গ্রামে এক ওঝা ভূত ছাড়ানোর নাম করে ১৫ বছরের একটি বালকের উপর নির্মম অত্যাচার করছে, গায়ে গরম জল ঢেলে দিচ্ছে বলে খবর আসে | ছেলেটির স্নায়ু রোগের সমস্যা হয়েছে বলে জানতে পেরেছি । ওই কিশোরের উপর উপর অমানবিক অত্যাচার চলছিল। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। পুলিশ তৎপরতার সঙ্গে তাকে উদ্ধার করেছে। কিশোরের জীবন বাঁচিয়েছে পুলিশ। আমরা আইনত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছি।"