আক্রান্ত সায়ন ঘোষ
শেষ আপডেট: 1 December 2024 21:24
দ্য ওয়াল ব্যুরো: সময় যত গড়াচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠছে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে এবং হিন্দুদের উপর লাগাতার হামলার ঘটনা সামনে আসছে। এবার সেই অশান্ত বাংলাদেশে গিয়েই প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন উত্তর চব্বিশ পরগণার এক বাসিন্দা। কোনওরকমে দেশে ফিরে ওপার বাংলার ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন সায়ন ঘোষ।
বেলঘরিয়ার বাসিন্দা ওই যুবক জানিয়েছেন, তিন দিন পর ফেরার কথা থাকলেও বাংলাদেশের পরিস্থিতির জন্য কোনওমতে প্রাণ বাঁচিয়ে দেশে পরিবারের কাছে ফিরতে পেরেছেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, বেলঘরিয়ার ৩৫ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় নগর এলাকার বাসিন্দা সায়ন গত ২৩ নভেম্বর ঢাকায় বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। অভিযোগ, ২৬ নভেম্বর তাঁর বাড়ি ফেরার কথা থাকলেও, ২৫ নভেম্বর বন্ধুর সঙ্গে ঢাকার বাজারে ঘুরতে গেছিলেন তিনি। সে সময়ই আচমকা এক দল লোক এসে তাঁদের ঘিরে ধরেন বলে অভিযোগ। একাধিক প্রশ্ন উড়ে আসে তাঁদের দিকে। এরপর ভারত থেকে আসার কথা শুনতেই সায়ন ও তাঁর বন্ধুর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। চলে বেধড়ক মারধর।
সায়নের অভিযোগ, বারবার সাহায্য প্রার্থনা করলেও কেউ এগিয়ে আসেননি। পরে কোনওমতে রক্তাক্ত অবস্থায় স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে গেলেও কোনও কথাই শুনতে চাওয়া হয়নি। উল্টে পুলিশ দু’জনকেই চিকিৎসা করে আসতে বলেন।
এরপর পুলিশের কথা শুনে হাসপাতালে গেলেও লাভ হয়নি। একের পর এক হাসপাতালে ঘুরলেও সায়ন ও তাঁর বন্ধুকে কেউ চিকিৎসা করতে রাজি হয়নি বলে খবর। এরপর শেষমেশ ঢাকা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে এসে চিকিৎসা দু’জনের চিকিৎসা হয়।
কয়েক দিন ধরেই সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। অভিযোগ, একের পর এক সংখ্যালঘু নেতা, সন্ন্যাসীদের গ্রেফতার করছে বাংলাদেশের পুলিশ। তাঁদের মুক্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সে দেশের সনাতনীরা। আর সেখানে ঘুরতে গিয়েই এমন পরিণতি হয় সায়নের। অভিযোগ, সায়নের কাছে থাকা মোবাইল এবং টাকাপয়সা সব কেড়ে নেয় দুষ্কৃতীরা।
এরপর প্রাণভয়ে গেদে সীমান্ত থেকে চেকপোস্ট দিয়ে ভারতে চলে আসেন তিনি। বাড়ি ফিরেই বাংলাদেশ পুলিশের উপর ক্ষোভপ্রাকশ করে বেলঘরিয়া থানা এবং গেদে সীমান্তের শুল্ক অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন সায়ন। পাশাপাশি সোমবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে গিয়েও অভিযোগ জানানোর কথা জানিয়েছে উত্তর চব্বিশ পরগণার ওই যুবক। বাড়ি ফিরলেও এখনও সেই ভয়াবহ স্মৃতিই দগদগে সায়নের মনে।