
আবাসের ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা
শেষ আপডেট: 31 December 2024 20:36
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আবাসের টাকা ছিনতাইয়ের অভিযোগে তুমুল শোরগোল কামারপুকুরে। খবর পেয়ে ঘটনাস্থলে
পৌঁছয় গোঘাট থানার পুলিশ।
জানা গেছে, গোঘাটের মান্দারনের বাসিন্দা সহদেব রায় ও তাঁর মেয়ে রত্না রায় এদিন দুপুরে আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা কামারপুকুর ব্যাঙ্ক থেকে তোলেন। বাইরে রাস্তায় আসার পরেই দুই বাইক আরোহী যুবক রত্নার হাত থেকে টাকার ব্যাগ জোর করে ছিনতাই করে পালানোর চেষ্টা করে। ব্যাগ ধরে টানাটানি করার সময় বাইক থেকে ছিটকে পরে এক ছিনতাইকারী।
ওই মহিলার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। যে পড়ে গিয়েছিল তাকে ধরারও চেষ্টা করে। কিন্তু ধাক্কা মেরে ফেলে দিয়ে বাইক নিয়ে চম্পট দেয় দুই ছিনতাইকারী। টাকার ব্যাগ ছিনতাই হওয়ায় কান্নাকাটি শুরু করেন রত্না। সহদেব জানান, টাকা ছাড়াও ব্যাগে ব্যাঙ্কের নথি ও মোবাইল ফোনও ছিল। সবটাই ছিনতাই হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। প্রকাশ্য দিবালোকে কামারপুকুরের মতো জনবহুল এলাকায় এই ধরনের ঘটনায় এলাকায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে।